ওয়াশিংটনে শুরু ফোবানা সম্মেলন

Fobana-01মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়তে প্রবাসীদের সমর্থন চেয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় আর্লিংটনের শেরাটন পেন্টাগন সিটি হোটেলের বলরুমে তিনদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এরপর উপস্থিত সবাই মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বাংলাদেশের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় এই এগিয়ে চলায় প্রবাসীদের অকুন্ঠ সমর্থন আরও জোরদার করতে হবে। এজন্য প্রয়োজন সকলের ইস্পাতদৃঢ় ঐক্য।”

মন্ত্রী দেশে শতাধিক অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগ প্রসঙ্গে জানিয়ে সেখানে শিল্প স্থাপন ও বিনিয়োগ করতে প্রবাসীদের আহ্বান জানান।

তিনি যুক্তরাষ্ট্র, কানাডাসহ উত্তর আমেরিকার বিভিন্ন দেশে বাংলা ভাষা ও সংস্কৃতিকে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে অবদান রাখায় ফোবানার প্রশংসা করেন।

১৯৮৬ সালে ওয়াশিংটনে প্রথম উত্তর আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ফোবানা সম্মেলন হয়। ৩০ বছরে এই আয়োজন আরও বিস্তৃত হয়েছে বলে মন্তব্য করেন সংগঠনের প্রথম আহ্বায়ক সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী।

সম্মেলন আয়োজক কমিটির সভাপতি মো. আলমগীর বলেন, ‘বিভক্তি’ কাটিয়ে ফোবানা এখন আরও শক্তিশালী হয়ে উঠেছে।

তিনি জানান, সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৫০টি সংগঠনের শিল্পী ও কলাকুশলীরা এসেছেন। রয়েছেন নতুন প্রজন্মের প্রতিনিধিরাও।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের উপ-প্রধান মাহবুব হাসান সালেহ, ফোবানার চেয়ারম্যান নাহিদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর ও নির্বাহী সচিব আজাদুল হক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে পিপল অ্যান্ড টেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু হানিফ, অর্থনীতিবিদ ড. ফাইজুল ইসলাম, ইনারা ইসলাম ও উৎসব ডটকমের রায়হানকে সম্মাননা ক্রেস্ট দেন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

এর আগে বৃহস্পতিবার রাতে প্রবাসী ব্যবসায়ীদের জন্য নৈশভোজের আয়োজন করে সম্মেলনের আয়োজক কমিটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.