‘স্পেশাল ইভেন্ট’ এর ধারাবাহিকতা বজায় রাখলো অ্যাপল। উন্মুক্ত করলো ফ্ল্যাগশিপ আইফোনের নতুন ভার্সন আইফোন ৭ ও ৭ প্লাস।
গত ৩০ আগস্ট (সোমবার) স্পেশাল ইভেন্টের ইনভাইটেশনের পর বিশ্বব্যাপী প্রযুক্তিপ্রেমীরা ধরেই রেখেছিলেন ৭ সেপ্টেম্বর ‘আইফোন ৭’ উন্মুক্ত করতে যাচ্ছে অ্যাপল। অপেক্ষা শুধু ঘোষণার।
সেইসঙ্গে আইফোন ৭ ঘিরে বাজারে যেসব গুঞ্জন ছিলো তার অনেক কিছুই মিলে গেছে। তবে তিনটি নয়, দুই পর্দায় (৪.৭ ও ৫.৫ ইঞ্চি) আইফোনের নতুন ভার্সন এনেছে অ্যাপল।
এবারের ভার্সনেও যুক্ত হয়েছে নতুন দু’টি রং জেট ব্ল্যাক ও ম্যাট ব্ল্যাক। সঙ্গে থাকছে আগের তিনটি রং গোল্ড, সিলভার, রোজ গোল্ড।
পানি ও ধূলা প্রতিরোধী আইফোনের নতুন দু’টি ভার্সনের ব্যাটারির ক্ষমতা আইফোন ৬-এর চেয়ে বাড়ানো হয়েছে। ব্যবহার করা হয়েছে পরবর্তী প্রজন্মের এ১০ ফিউশন চিপ, ৬৪ বিট ফোর কোর সিপিইউ। আগের যেকোনো মডেলের চেয়ে ডিসপ্লে হবে ২৫ শতাশং উজ্জ্বল।
এদিকে অ্যাপল তার আইফোন ৭ প্লাস-এর ক্যামেরায় দু’টি লেন্স ব্যবহার করেছে। ফলে দূরের ছবি হবে আরো স্পষ্ট ও প্রাণবন্ত। এছাড়া নতুন ভার্সনে হেডফোন জেক না থাকার যে ইঙ্গিত ছিল তাই সত্যি হলো।
আগামী ৯ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে প্রিঅর্ডার নেওয়া শুরু করবে অ্যাপল, চালান শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে।