পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বৃষ্টিতে পাহাড় ধসের কারণে বাঘাইছড়ি ও সাজেকের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

গতকাল সোমবার রাতে ১০টার দিকে দিঘীনালা-সাজেক সড়কের শুকনা ছড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার রুমানা আক্তার।

তিনি জানান, কয়েক দিনের ভারী বর্ষণের ফলে বাঘাইছড়ির ১০ নম্বর শুকনাছড়ি বড়ইতলী সংলগ্ন ৫৪ বিজিবি ক্যাম্পের পাশের এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এতে উপজেলা ও সাজেকের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় সীমান্ত সড়কের জন্য পাথর নিয়ে যাওয়া একটি ট্রাক আটকা পড়েছে। যান চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা চলছে।

ইউএনও জানান, পাহাড় ধসের বিষয়টি সড়ক ও জনপথ বিভাগসহ সবাইকে জানানো হয়েছে। আশা করছি মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালের মধ্যে সড়কের মাটি সরিয়ে ফেলা যাবে। এতে পর্যটকদের কোনো সমস্যা হবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.