বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ ১৫ নভেম্বর

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই বিচারপতির পদত্যাগ চেয়ে সংবাদ সম্মেলন ও মিছিল করায় বিএনপিপন্থী ৭ আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করা হবে কি না- এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৫ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবাট প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। সেই সঙ্গে আদালত প্রাঙ্গণে মিছিল-সমাবেশের বিষয়ে রায় কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ৩০ আগস্ট অবসরে যাওয়া প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আবেদনটির শুনানি পিছিয়ে ১৯ অক্টোবর দিন ধার্য করেন।

বিএনপিপন্থী ৭ আইনজীবী নেতার মধ্যে রয়েছেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী মো. কামরুল ইসলাম সজল।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট সুপ্রিম কোর্ট আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে বিচারকদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেন আপিল বিভাগের একজন বিচারপতি। ওই অনুষ্ঠানেই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশিদের দৌড়ঝাঁপ, হস্তক্ষেপ নিয়ে সমালোচনা করেন আপিল বিভাগের আরেক বিচারপতি। এরপর থেকে এ দুই বিচারপতির পদত্যাগ দাবি করে নানা কর্মসূচি পালন করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.