অবশেষে তানজিন তিশার সঙ্গে সাংবাদিকদের দ্বন্দ্বের অবসান ঘটল। অপ্রত্যাশিত এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ছোট পর্দার এই অভিনেত্রী।
আজ শনিবার (২৫ নভেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে বৈঠকে বসেন তিশা।
অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের উদ্যোগে এ বৈঠক হয়।
এতে তিশা দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সঙ্গে সমঝোতায় এসেছেন। তিনি বলেন, আমি ভাবতেই পারিনি, এই সময়ে কেউ আমাকে এমন একটি টেক্সট করবে বা একজন নারীকে কেউ এমন প্রশ্ন করতে পারে। আমি সহ্য করতে না পেরে তাকে জানাই, টেক্সেটের বিষয়ে নিউজ করলে সর্বোচ্চ ব্যবস্থা নেব।
তিশা আরও বলেন, তার সঙ্গে ফোনে যেসব শব্দ উচ্চারণ করেছি, আমি জানি তা সঠিক নয়। সেটার জন্য আমি দুঃখপ্রকাশ করেছি, এখনও করছি। এর মধ্যে আমার সঙ্গে কথা বলার কল রেকর্ড অনুমতি ছাড়া প্রচার করা হয়েছে। তা শুনে অন্যান্য সাংবাদিকরা রেগে যায়, যা খুবই যৌক্তিক। তবে আমাকে ও আমার পরিবারকে নিয়ে অনেকে অসত্য, মনগড়া সংবাদ ও লেখা সোশ্যাল মিডিয়ায় লেখেন। সেসব দেখে আমি রেগে যাই। তারপর আমি ডিবিতে অভিযোগ করতে আসি। সেখানেও গণমাধ্যমের সামনে তামিম ও প্রতিষ্ঠানের নাম নিয়ে ফেলি। যেটা আমি উদ্দেশ্যমূলকভাবে নিইনি। সেজন্য প্রতিষ্ঠানটির (চ্যানেল টোয়েন্টিফোর) কাছে আমি দুঃখপ্রকাশ করছি। একজনকে নিয়ে প্রতিষ্ঠান চলে না।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন তিশা। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ১৬ নভেম্বর চিকিৎসা শেষে বাসায় ফেরেন এই অভিনেত্রী। বর্তমানে সুস্থ আছেন তিশা। তবে এই ঘটনায় উঠে এসেছে মুশফিক আর ফারহানের নাম।