ইউক্রেন বাহিনী তিনটি রাশিয়ান এসইউ-৩৪ ফাইটার-বোম্বার বিমানকে ভূপাতিত করেছে। গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রে এ সাফল্যের দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সামরিক কর্মকর্তারা।
এক প্রতিবেদনে রয়টার্স জানায়, ২২ মাস ধরে চলমান যুদ্ধে এ আক্রমণকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন জেলেনস্কি ও সংশ্লিষ্টরা।
রুশ সামরিক বাহিনী এ ঘটনা নিয়ে কোনো মন্তব্য না করলেও দেশটির ব্লগাররা ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন। সমর বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র থেকে পাওয়া প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ফাইটার জেটগুলো ভূপাতিত করা হতে পারে।
তবে সংবাদ সংস্থা রয়টার্স এও বলছে, তারা স্বাধীনভাবে প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে পারেনি।
ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক টেলিগ্রাম মেসেজিং অ্যাপে গতকাল লেখেন, আজ দুপুরে দক্ষিণ অঞ্চলে তিনটি রাশিয়ান এসইউ-৩৪ ফাইটার-বোমারু বিমানকে ‘মাইনাস’ করা হয়েছে।
বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত জাতীয় টেলিভিশনে একে ‘সুপরিকল্পিত অপারেশন’ বলে বর্ণনা করেছেন।
জেলেনস্কি রাতের ভিডিও ভাষণে ওডেসা অঞ্চলের বিমান বিধ্বংসী ইউনিটের প্রশংসা করেছেন। জানান, তারা খেরসন অঞ্চলে বিমানগুলোকে ভূপাতিত করেছে।
গত বছরের ফেব্রুয়ারিতে আক্রমণ শুরুর প্রথম দিকেই অঞ্চলটি দখল করে নিয়েছিল মস্কো। ইউক্রেনীয় বাহিনী এলাকাটি পুনরুদ্ধার করার চেষ্টা করেছে এবং গত নভেম্বরে খেরসনের দিনিপ্রো নদীর পূর্ব তীরে অবস্থান নেয়।
