মারা গেলেন অমর নায়ক সালমান শাহর ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমার পরিচালক বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার।
১৯৯৫ সালে মুক্তি পায় ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমা। এতে সুমন চরিত্রে অভিনয় করেন চিত্রনায়ক সালমান শাহ এবং সুমি চরিত্রে শাবনূর। তারা দু’জন ছোটবেলায় একসঙ্গে পড়ালেখা করেন। সুমন ছিল ধনী পরিবারের ছেলে। আর সুমি গরিবের মেয়ে।
একসময় সুমন ও সুমির মধ্যে গড়ে উঠে প্রেম-ভালোবাসার সম্পর্ক। কিন্তু এক দুর্ঘটনায় স্মৃতি শক্তি হারিয়ে ফেলে সুমন। ওই সময় তার বাবার বন্ধুর মেয়ে ফারহা (সোনিয়া) বিদেশ থেকে দেশে আসে। তারপর ফারহার সঙ্গে বিয়ে ঠিক হয় সুমনের।
এদিকে, স্মৃতিশক্তি না থাকায় বিয়ে হয় না সুমনের। আবার সুমির কথা ভুলে যায় সে। শুরু হয় সুমির সঙ্গে তার দ্বন্দ্ব। এভাগেই এগিয়ে যেতে থাকে কাহিনি।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক পরিচালিত ‘স্বপ্নের ঠিকানা’ সিনেমাকে বলা হয় বাংলা চলচ্চিত্রের ‘বেদের মেয়ে জোসনা’র পর সর্বাধিক জনপ্রিয় সিনেমা।