বেআইনিভাবে কর্মীদের চাকরিচ্যুতি ও ছাটাই বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন বাংলালিংকের চাকরিচ্যুত সাধারণ কর্মচারীরা। শনিবার জাতীয় প্রেসক্লাবে এসব কর্মসূচির আয়োজন করে চাকরিচ্যুত সাধারণ কর্মচারীরা।
বিক্ষোভ কর্মসূচি ও সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, গত ৬ ও ৭ সেপ্টেম্বর ট্রেড ইউনিয়ন করার অভিযোগে বাংলালিংকের কর্মী মোসলেহ উদ্দিন ভুট্টু, আহমেদ মিজানুর রহমান, জাহিদুল ইসলাম এবং আরিফুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়।
সংবাদ সম্মেলনে অবিলম্বে চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলা হয়, ‘শ্রম আইন অনুযায়ী ট্রেড ইউনিয়ন হিসেবে এমপ্লয়িজ ইউনিয়নের আবেদন নিষ্পন্ন অবস্থায় চাকরি থেকে অব্যাহতি বেআইনি।
এ বিষয়ে বাংলালিংক কর্তৃপক্ষ জানায়, তাদের প্রতিষ্ঠান কমপ্লায়েন্ট কোম্পানি। যা একটি সুনির্দিষ্ট আচরণবিধি দ্বারা পরিচালিত হয়।
সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দেন বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন, গ্রামীণ ফোনের এক্সেঞ্জর এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, গ্রামীণ ফোন এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মিয়া মাসুদ, বাংলালিংকের চাকরিচ্যুত কর্মকর্তা এপ্লয়িজ ইউনিয়ন নেতা জাহিদুল ইসলাম, বাংলাদেশ গার্মেন্টস ফেডারেশনের সভাপতি বাবুল আক্তার প্রমুখ।