ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় যেসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে, সেগুলোতে ৩১ অক্টোবর ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া যেসব ইউপিতে প্রার্থীরা সমভোট পেয়েছেন সেগুলোসহ একই দিনে কিছু ইউপিতে পুনঃভোট গ্রহণ করা হবে। ইসির উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, স্থগিত বা সমভোটপ্রাপ্তদের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। যেসব ইউপিতে পুনঃভোট হবে সেগুলোতে মনোয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর। যাচাই-বাছাই ৭ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৪ অক্টোবর।
জানা গেছে, ৫২ ইউনিয়নে পুনঃভোট, ৩৫০ স্থগিত ভোটকেন্দ্র, সমভোট পাওয়া ৬৫ ইউনিয়নের ৯৫ ভোট কেন্দ্রের ফলাফলে এগিয়ে দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোটগ্রহণ করা হবে। সমভোট পাওয়াদের মধ্যে একটি চেয়ারম্যান, ৯টি সংরক্ষিত ও ৫৬টি সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ করা হবে।