পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। গতকাল রোববার (২৮ এপ্রিল) তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। মূলত ইসহাক দার দেশটির ক্ষমতাসীন শরিফ পরিবারেরই অংশ।
গতকাল রোববার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে দেশটির উপ-প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী অবিলম্বে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী হিসেবে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী মুহাম্মদ ইসহাক দারকে নিয়োগ দিয়েছেন।’
অবশ্য নতুন নিয়োগের পরও ইসহাক দার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন চালিয়ে যাবেন বলে পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে।
আনাদোলু বলছে, ইসহাক দার দেশটির ক্ষমতাসীন শরিফ পরিবারের অংশ এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে দার বর্তমানে সৌদি আরবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে রয়েছেন।
মূলত পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বড় ভাই নওয়াজ শরিফের মেয়ের সঙ্গে ইসহাক দারের ছেলের বিয়ে হয়েছে।
