আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু তা-ই নয়, দেশবাসীকে শান্ত এবং ঐক্য থাকার আহ্বানও জানান জো বাইডেন।
তিনি বলেছেন, আমেরিকানরা একে অপরের শত্রু নয়, বন্ধু। যতই মতবিরোধ থাকুক না কেন। বুলেট দিয়ে নয়, মতপার্থক্যের জবাব ব্যালট বক্সে দিন।
আজ সোমবার (১৫ জুলাই) দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন এসব কথা বলেন।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক পরিবেশ বারবার উত্তপ্ত হয়ে উঠছে। রাজনীতিকদের জ্বালাময় বক্তৃতা, ভোটপ্রচার নিয়ে সরগরম আমেরিকার রাজনীতি।
শুধু রাজনীতিকেরাই নন, সাধারণ মানুষও সেই উত্তাপে গা গরম করছেন। তার-ই ধারাবাহিকতায় শনিবার পেনসিলভেনিয়ার বাটলারের একটি সভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর মতো ঘটনা ঘটে। সাবেক প্রেসিডেন্টের কান ছুঁয়ে বেরিয়ে যায় সেই বুলেট।
এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের নির্বাচনী উত্তাপ আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় বাইডেন বলেন, আমাদের এখন শান্ত থাকতে হবে। মনে রাখতে হবে, আমাদের মধ্যে যতই মতবিরোধ থাকুক না কেন আমেরিকান হিসেবে আমরা একে অপরের বন্ধু, সহকর্মী।
এসময় দেশবাসীকে হিংসার পথ থেকে সরে আসার আহ্বান জানান বাইডেন। একই সঙ্গে সকলকে সংযত থাকতেও বলেন।
ট্রাম্পের উপর হামলার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বাইডেন জানান, আমেরিকায় হিংসার কোনও জায়গা নেই। ট্রাম্প সুস্থ এবং নিরাপদ আছেন শুনে আমি কৃতজ্ঞ। আমি তার জন্য, তার পরিবারের জন্য এবং সভায় উপস্থিত সকলের জন্য প্রার্থনা করছি।
অবশ্য হামলার পর ট্রাম্পও ‘ঐক্যের’ বার্তা দিয়েছিলেন। স্বামীর উপর হামলার কয়েক ঘণ্টা পর মেলানিয়া ট্রাম্প একটি খোলা চিঠিতে মার্কিনীদের উদ্দেশে লেখেন, রাজনৈতিক মতাদর্শের মেরামত করা প্রয়োজন। ভালবাসার প্রতি আরও জোর দিতে হবে আমাদের।
ট্রাম্পের উপর হামলার ঘটনায় হিংসার বিরুদ্ধে একজোট হয়েছে যুক্তরাষ্ট্র। শাসকদল থেকে শুরু করে বিরোধী- সকল নেতাই এই ধরনের হামলার বিরোধিতা করেছেন। নিন্দা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রধানরাও।
