বিমানবন্দরে প্রবাসীদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে

শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনী প্রধান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় তিনি বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের পরিচালনা ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন এবং তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পরিদর্শনের সময় বিমান বাহিনী প্রধানকে অভ্যর্থনা জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

এসময় বিমান বাহিনী প্রধান বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অসামরিক কর্তৃপক্ষকে সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন বিমান বন্দর ও আশপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালন করে আসছে।

তিনি বিমান বাহিনীর সদস্যদের প্রশংসা করে উল্লেখ করে বলেন, বিমান যাত্রীদের আগমন ও প্রস্থানকালে বাড়তি নিরাপত্তা ও সহযোগিতা দেওয়ার পাশাপাশি বিমানের নিরাপদ উড্ডয়ন ও অবতরণে বিমান বাহিনীর নিরাপত্তা দল সর্বাত্মক সহযোগিতা করছে।

এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, বিমানবন্দরে যাত্রীদের জন্য লাগেজ দ্রুত পাওয়ার সুবিধা, দুর্নীতি এবং চোরাচালান রোধে ইতিবাচক অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে বিমানবন্দরের সুনাম দেশে-বিদেশে ছড়িয়ে পড়েছে, যা ধরে রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের সেবা প্রদানে আইকাও এর নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে যাতে সেবার মান আরও বৃদ্ধি করা যায়। এছাড়া বিমান বাহিনী হযরত শাহজালাল বিমানবন্দরে যে ভাবে নিরাপত্তা নিশ্চিত করছে, তা দেশের অন্যান্য বিমানবন্দরগুলোতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রবাসীদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের আশাবাদ ব্যক্ত করে বিমান বাহিনী প্রধান বলেন, দেশের অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

এসময় তিনি সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে সবাইকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শনের সময় সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা), সদস্য (প্রশাসন), সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স), সদস্য (নিরাপত্তা), প্রধান প্রকৌশলী এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বিভিন্ন পদবীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.