তরুণ ভোটার টানার চেষ্টায় হিলারি

6c2b69ae628f00007a830a1b50e48954-1-1-2016-09-28t203614z_1861907017_s1beudyrecaa_rtrmadp_3_usa-election-clintonনিউ হ্যাম্পশায়ারে হিলারি, পাশে বার্নি স্যান্ডার্সহিলারি ক্লিনটন গত বুধবার সারা দিন কাটালেন তরুণ ও যুবকদের সঙ্গে কথা বলে। লক্ষ্য, ১৮ থেকে ২৯ বছর বয়সী ‘মিলেনিয়াল’ নামে পরিচিত এই ভোটারদের বোঝানো যে নিজেদের স্বার্থেই তাঁদের উচিত হবে হিলারির বাক্সে ভোট দেওয়া।

প্রথম নির্বাচনী বিতর্কে বিজয়ী হলেও ৮ নভেম্বরের নির্বাচনে হিলারি ক্লিনটন জিতবেন, তার কোনো নিশ্চয়তা নেই। এই মুহূর্তে তাঁর ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে জনসমর্থন কার্যত সমান। জিততে হলে উভয়কেই স্বতন্ত্র ও ‘এখনো সিদ্ধান্ত নেননি’—এমন ভোটারদের নিজ তাঁবুতে টেনে আনতে হবে। সে কারণেই বুধবার হিলারি গিয়েছিলেন নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ে। সঙ্গে ছিলেন ভারমন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স।

প্রার্থী বাছাইপর্বের নির্বাচনে স্যান্ডার্স ছিলেন হিলারির প্রতিদ্বন্দ্বী। ঝাঁকে ঝাঁকে মিলেনিয়াল ভোটার স্যান্ডার্সের পিছু নিয়েছিলেন। তিনি দলের মনোনয়ন না পাওয়ায় তাঁদের অনেকেই হতাশ হয়েছেন। তাঁরা হিলারিকে ভোট দিতে প্রস্তুত নন বলে জানিয়েছেন।

মোট ভোটারের প্রায় এক-তৃতীয়াংশ (৩১ শতাংশ) হচ্ছে এই ১৮-২৯ বছর বয়সীরা। বারাক ওবামা পরপর দুবার প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছিলেন এই মিলেনিয়াল ভোটারদের একচেটিয়া সমর্থনে। কিন্তু হিলারির ব্যাপারে তাঁরা এখনো অনীহ। এর প্রধান কারণ, তাঁরা কেউই মনে করেন না, যে ধরনের পরিবর্তনের কথা বার্নি স্যান্ডার্স বলেছিলেন, হিলারির হাতে সেই পরিবর্তন আসবে। তাঁদের ধারণা, হিলারি অতিমাত্রায় পেশাদার রাজনীতিক, ওয়াল স্ট্রিটের ধনকুবেরদের সঙ্গে তাঁর বড় বেশি দহরম-মহরম, বৈদেশিক নীতির ব্যাপারে তিনি অতিমাত্রায় যুদ্ধংদেহী। বামঘেঁষা স্যান্ডার্সের ঠিক বিপরীত।

হিলারির জন্য সবচেয়ে ভয়ের কথা, মিলেনিয়াল ভোটারদের এক বড় অংশ প্রতিবাদ হিসেবে লিবার্টারিয়ান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী গ্যারি জনসনকে ভোট দেওয়ার কথা বলছেন। মুখ্যত তাঁদের সমর্থনেই জনসনের জাতীয় পর্যায়ে জনসমর্থন প্রায় ১১ শতাংশ। অন্য তৃতীয় দলীয় প্রার্থী গ্রিন পার্টির জিলস্টাইনও ৬-৭ শতাংশ ভোটারের সমর্থন পাচ্ছেন। কোনো কোনো অঙ্গরাজ্যে এই দুই প্রার্থী মোট ভোটের প্রায় ২০ শতাংশ কেড়ে নিচ্ছেন। ফ্লোরিডা বা নিউ হ্যাম্পশায়ারে এমন ঘটনা ঘটলে হিলারির জন্য তা বিপদ ডেকে আনতে পারে। ২০০০ সালে ফ্লোরিডায় মাত্র ৬০০ ভোটের ব্যবধানে আল গোর জর্জ বুশের হাতে পরাস্ত হয়েছিলেন। সেখানে গ্রিন পার্টির প্রার্থী রালফ নেডার প্রায় ৯৭ হাজার ভোট পেয়েছিলেন।

স্যান্ডার্সকে পাশে রেখে হিলারি ছাত্র ও যুবকদের তাঁর নির্বাচনী অঙ্গীকারগুলো পুনর্ব্যক্ত করলেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন স্বল্পবিত্তের মানুষের সাধ্যের মধ্যে আনার লক্ষ্যে তিনি সরকারি কলেজ ও বিশ্ববিদ্যলয়সমূহ বছরে ১ লাখ ২৫ হাজার ডলারের কম উপার্জন করে—এমন পরিবারের ছেলেমেয়েদের জন্য বেতনমুক্ত রাখার প্রস্তাব করেছেন। ছাত্ররা যাতে ঋণমুক্ত থাকেন, তার এক বিস্তারিত পরিকল্পনাও তাঁর রয়েছে। উভয় পরিকল্পনাই হিলারিকে গ্রহণ করতে হয়েছে স্যান্ডার্সের চাপে।

নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ে একাধিক নির্বাচনী অনুষ্ঠানে স্যান্ডার্স হিলারির প্রার্থিতা সমর্থন করে বললেন, কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়ন সাধ্যের মধ্যে আনার লক্ষ্যে হিলারি যে প্রস্তাব করেছেন, তা কার্যত ‘বিপ্লবী’। যাঁরা এক পরিবর্তিত যুক্তরাষ্ট্রকে দেখতে চান, তাঁদের উচিত হবে হিলারির সঙ্গে যুক্ত হওয়া।

একই কথা বললেন হিলারি। স্যান্ডার্সকে তিনি বারবার ‘আমার বন্ধু’ সম্বোধন করে বলেন, দেশে বৈষম্য কমাতে যে বিপ্লবের সূচনা স্যান্ডার্স করেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাঁরা দুজনে তার বাস্তবায়নের জন্য লড়বেন। এখানে পরপর তিনটি অনুষ্ঠানে হিলারি ব্যাপক হাততালি পান। কিন্তু সমস্যা হলো, ভোটকেন্দ্রে যাওয়ার ব্যাপারে মার্কিন তরুণদের অনীহা সুবিদিত। তাই হিলারি বারবার স্মরণ করিয়ে দিলেন, ভোটার হিসাবে নথিভুক্ত হতে হবে এবং সবান্ধবে ভোট দিতে যেতে হবে।

ঠিক একই উদ্দেশ্যে একই দিন ফিলাডেলফিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে হিলারির পক্ষে নির্বাচনী সভায় অংশ নেন ফার্স্ট লেডি মিশেল ওবামা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.