জাকার্তা বিমানবন্দরে ছাদ ধসে আতঙ্ক: প্রবল বৃষ্টিতে ভাসল টার্মিনাল

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সুকর্ণ-হাত্তায় এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কয়েক দিনের টানা প্রবল বর্ষণে গত সোমবার দুপুরে বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের ৭ নম্বর গেটের ছাদ ধসে পড়ার ঘটনা ঘটে।
ছাদ ফেটে বৃষ্টির পানি সরাসরি ডিপার্চার লাউঞ্জে ঢুকে পড়লে সেখানে অবস্থানরত যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছাদের প্যানেল ভেঙে হুড়মুড় করে পানি ভেতরে আছড়ে পড়ছে।
হঠাৎ আসা পানির তোড়ে যাত্রীরা তাদের মালামাল নিয়ে দিগিবিদিক ছুটতে থাকেন। তবে সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি ইউদিস্টিয়াওয়ান জানিয়েছেন, বৃষ্টির পানির কারণে সৃষ্ট এই বিশৃঙ্খলা প্রায় পাঁচ মিনিট স্থায়ী ছিল।
ঘটনার পরপরই বিমানবন্দরের কর্মীরা দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রতিকূল আবহাওয়ার কারণে এদিন সকালেই বেশ কিছু ফ্লাইটের পথ পরিবর্তন করতে হয়েছিল।
কর্তৃপক্ষ যাত্রীদের আশ্বস্ত করে জানিয়েছে যে, রানওয়ে, ট্যাক্সিওয়ে ও পার্কিং এরিয়ার মতো গুরুত্বপূর্ণ অংশগুলো সম্পূর্ণ সচল রয়েছে।
বর্তমানে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং ফ্লাইট চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটছে না।
আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.