যানজট-অরাজকতায় বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ ও বের হওয়ার পথে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও তাদের স্বজনরা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ ও বের হওয়ার পথে প্রতিদিনই চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও তাদের স্বজনরা। উন্নয়নকাজ, অপরিকল্পিত পার্কিং এবং যানবাহন নিয়ন্ত্রণে শৃঙ্খলার অভাবে দেশের প্রধান এই বিমানবন্দরে প্রায় নিয়মিতই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের বহির্গমনমুখে দেখা যায়, আন্তর্জাতিক টার্মিনালের সামনে থেকে মূল সড়ক পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি। আগমনী ও বহির্গমনমুখী উভয় দিকেই শত শত গাড়ি দীর্ঘক্ষণ অপেক্ষা করছে। পার্কিং এলাকা পূর্ণ হয়ে যাওয়ায় অনেক চালক সড়কের দুই পাশে গাড়ি রেখে দিচ্ছেন, ফলে পথচারীদের চলাচলও ব্যাহত হচ্ছে।

বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত আন্ডারপাস নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজ চলমান থাকায় ল্যান্ডসাইডের বেশিরভাগ অংশ টিনের বেড়া দিয়ে ঘেরা। এতে সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি দিকনির্দেশনামূলক সাইনেজও স্পষ্ট দেখা যায় না। প্রথমবার বিমানবন্দরে আসা যাত্রী ও বিদেশি অতিথিরা তাই প্রায়ই বিভ্রান্তির মুখে পড়ছেন।

যাত্রীরা বলছেন, বিমানবন্দরে নেমেই এমন বিশৃঙ্খল পরিবেশ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। অনেকের অভিযোগ, টার্মিনালের ভেতরে অতিরিক্ত মানুষের উপস্থিতি ও অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে বের হতে দীর্ঘ সময় লেগে যায়। কখনও কখনও প্রবাসীদের মালপত্র নিয়ে মূল সড়কে পৌঁছাতে দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, যানজট ও দুর্ঘটনা কমাতে নির্মাণাধীন আন্ডারপাস প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রায় এক হাজার ৭০ মিটার দীর্ঘ এ আন্ডারপাসে আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা, এস্কেলেটর, এলিভেটর, বায়ুচলাচল ও জরুরি সেবার সুবিধা রাখা হচ্ছে। প্রকল্পটি সম্পন্ন হলে বিমানবন্দরের যান চলাচল আরও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ জানিয়েছেন, যাত্রীর চাপ বেশি থাকলেই মূলত এমন পরিস্থিতির সৃষ্টি হয়। যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্বরতদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর মতে, উন্নয়নকাজের সাময়িক অসুবিধা মেনে নিতে পারলে ভবিষ্যতে যাত্রীরা আরও আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় সেবা পাবেন।

তবে যাত্রীদের প্রত্যাশা, দীর্ঘমেয়াদি প্রকল্পের পাশাপাশি তাৎক্ষণিকভাবেও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা, পর্যাপ্ত পার্কিং এবং শৃঙ্খলা নিশ্চিত করা হোক। দেশের প্রধান প্রবেশদ্বার হিসেবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুষ্ঠু পরিবেশ ও নির্বিঘ্ন যাতায়াত এখন সময়ের দাবি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.