ট্রাম্পের নারী অবমাননা: সমর্থন তুলে নিচ্ছেন অনেক রিপাবলিকান

base_1475908751-1যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র একমাস আগে এসে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নতুন একটি কথোপকথনের রেকর্ড ফাঁস হয়েছে। এতে নারীদের নিয়ে অবমাননাকর কথা বলতে শোনা গেছে বিলিয়নিয়ার এ প্রেসিডেন্ট প্রার্থীকে। ট্রাম্পের এ ভিডিও টেপটি প্রভাবশালী মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের কাছে ধরাশায়ী হওয়ায় সাম্প্রতিক জরিপগুলোতে ট্রাম্পের জনপ্রিয়তা কমতির দিকে রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে এ কথোপকথন ফাঁস হওয়ার ঘটনা ট্রাম্পকে নতুন করে চাপে ফেলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ইতিমধ্যে বেশ কয়েকজন রিপাবলিকান নেতা সমর্থন প্রত্যাহার করেছেন।

ওয়াশিংটন পোস্ট ২০০৫ সালে এনবিসি টিভির উপস্থাপক বিলি বুশের সঙ্গে ট্রাম্পের একটি টেলি কথোপকথন ফাঁস করেছে। এতে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘তুমি যদি তারকা হও, তবে মেয়েদের সাথে যা ইচ্ছা করতে পারো।’ এ সময় বিবাহিত এক অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে আগ্রহের কথাও বলতে শোনা যায় তাকে।

এর ফলে নতুন করে বিতর্কে জড়িয়ে পড়ার পরে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘এ অডিও ছিল একান্তই একটি ব‌্যক্তিগত আলাপ এবং তা হয়েছিল বহু বছর আগে। যদিও বিল ক্লিনটন (হিলারির স্বামী) এর চেয়েও খারাপ কথা বলেন। এ ভিডিও টেপ আমাদের গুরুত্বপূর্ণ আরো অনেক রাজনৈতিক ইস্যু থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে।’

তবে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেননি। বিশ্লেষকদের ধারণা, আগামী প্রেসিডেন্সিয়াল বিতর্কে তিনি এ ইস্যুকে কেন্দ্র করেই ট্রাম্পের বিরুদ্ধে তার আক্রমণের মাত্রাকে আরো শক্তিশালী করার চেষ্টা করবেন।

এ কথোপকথন ফাঁসের পরে রিপাবলিকান দলের নেতাদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। দেশটির কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ও রিপাবলিকান নেতা পল রায়ান জানান, শনিবার (৮ অক্টোবর) উইসকনসিন শহরে নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের সাথে যোগ দেয়ার কথা ছিল তার, কিন্তু তিনি এ প্রচারণায় অংশগ্রহণ করবেন না। এমনকি রিপাবলিকান দলের একটি বৈঠকে তিনি ট্রাম্পকে আমন্ত্রণ জানানো থেকেও বিরত থাকবেন। তিনি বলেন, ‘ট্রাম্প মানসিকভাবে অসুস্থ। আশা করছি তিনি এ পরিস্থিতিকে গুরুত্বের সঙ্গে নিবেন ও ভবিষ্যতে নারীদের সম্মান করতে শিখবেন।’

রিপাবলিকান নেতা গ্যারি হারভার্ট বলেন, ‘এটা শোনার পরে আমি আর ট্রাম্পকে ভোট দেব না, তার পক্ষে কারো কাছে ভোট চাইব না।’ রিপাবলিকান ন‌্যাশনাল কমিটির চেয়ারম‌্যান রেইন্স প্রেইবাস বলেন, ‘এ কথোপকথনে ট্রাম্প নারীদের নিয়ে যেভাবে কথা বলছিলেন, কোনো নারীকে নিয়ে এভাবে কথা বলাটা উচিত নয়।’ রিপাবলিকান দলের নেতা জন মেককেইন বলেছেন, ‘ট্রাম্পকে সব নারীর কাছে সরাসরি ক্ষমা চাইতে হবে।’

ধনকুবের ট্রাম্প নির্বাচনী প্রচারণার শুরু থেকে নানা বিতর্কিত বক্তব‌্য দিয়ে আসছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারিকে নিয়ে তার বক্তব‌্য কয়েকবার শালীনতার সীমা ছাড়িয়ে যাওয়ায় সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজক ট্রাম্প এর আগে সাবেক এক মিস ইউনিভার্সকে নিয়ে আপত্তিকর কথা বলে বিতর্কিত হয়েছেন। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে এ বিষয়টি তুলে হিলারি তার তীব্র সমালোচনা করেছেন। এখন নারীদের নিয়ে ট্রাম্পের কদর্য বক্তব‌্য সম্বলিত কথোপকথন ফাঁস হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হতে হিলারির পথ আরো সাবলীল হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.