যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় বিতর্কে অনেক বেশি আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। প্রথম বিতর্কে হিলারি ক্লিনটনের কাছে পরাজিত হওয়ার পরে ট্রাম্পের জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছিল। একই সাথে নারীদের নিয়ে অশালীন বক্তব্য সম্বলিত অডিও টেপ ফাঁস হওয়ায় ভয়াবহ চাপে ছিলেন তিনি। এরই বহিঃপ্রকাশ ঘটেছে প্রেসিডেন্সিয়াল বিতর্কের মঞ্চে। দুই নেতার পরস্পরকে তীব্র ভাবে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন।
রোববার (৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) ওয়াশিংটনের সেন্ট লুইসে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের শুরুতেই ট্রাম্প ও হিলারি মঞ্চে উঠে প্রথা অনুযায়ী করমর্দন করেননি। এর ফলে
তাদের মধ্যকার তিক্ততার সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটেছে বিশ্ববাসীর সামনে।
দর্শকের প্রশ্নের উত্তর ভিত্তিক এই বিতর্কের শুরুতেই উঠে আসে ট্রাম্পের যৌনতা ও নারীর প্রতি অবমাননার বিষয়গুলো। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘এ আচরনের জন্য আমি গর্বিত নই। এজন্য আমেরিকার জনগণের কাছেও ক্ষমা চেয়েছি। নারীদের প্রতি আমার সম্মানবোধ রয়েছে।’ এ রেকর্ড প্রকাশিত হওয়ায় তিনি বিব্রত বলেও উল্লেখ করেন ট্রাম্প। এ সময় তিনি তুলে আনেন হিলারি ক্লিনটনের স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের কথা। তিনি বলেন, ‘বিল ক্লিনটনের নারীঘটিত কেলেঙ্কারির ইতিহাস রয়েছে, আর তা আমার চেয়েও অনেক বেশি খারাপ। আমি শুধু বলেছি, আর তিনি তা করে দেখিয়েছেন।’
উত্তরে হিলারি ক্লিনটন বলেন, ‘নারীর প্রতি ট্রাম্পের সম্মানবোধ কতটুকু তা এ রেকর্ড যিনি শুনেছেন তিনিই বলতে পারবেন।’
এ সময় হিলারির রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়ে ট্রাম্প বলেন,‘পররাষ্ট্রমন্ত্রী থাকাকালিন হিলারি ইমেইল ব্যবহারের ইস্যুতে রাষ্ট্রীয় নিরাপত্তার বিঘ্ন ঘটিয়েছেন। এজন্য তার লজ্জিত হওয়া উচিত। আমি ক্ষমতায় গেলে এ ঘটনা তদন্তে একজন বিজ্ঞ আইনজীবী নিয়োগ করবো। এ ঘটনায় হিলারিকে আরো তদন্তের মুখোমুখি হতে হবে। প্রয়োজনে তাকে জেলে ভরতেও পিছপা হবে না আমার প্রশাসন।’
বিতর্কে হিলারি বলেন, ‘এটাই স্বাভাবিক যে ট্রাম্পের মতো উগ্র মেজাজের একজন রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষে গেলে দেশে আইনের শাসন থাকবে না। এ ঘটনার বিস্তারিত তদন্ত হয়েছে এবং আমি আমার ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছি।’
এর আগে প্রায় তেত্রিশ হাজার ইমেইল ডিলিট করে দেওয়ার দাবি করেছেন হিলারি। এসময় হিলারির এ দাবি প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন,‘এ কথা আমি মোটেও বিশ্বাস করি না।’ ট্রাম্পের এ বক্তব্যের সময় হিলারি হাত নেড়ে এ অভিযোগকে মিথ্যা বলে উল্লেখ করেন।