শিশুর আকস্মিক মৃত্যুর ঝুঁকি কমাতে প্রথম বছর তাকে মা-বাবার কক্ষেই রাখার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা। সে ক্ষেত্রে শিশুদের ঘের দেওয়া আলাদা বিছানা বা দোলনায় ঘুম পাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
‘সিডস অ্যান্ড আদার স্লিপ-রিলেটেড ইনফ্যান্ট ডেথস: আপডেটেড ২০১৬ রিকমেনডেশনস ফর আ সেফ ইনফ্যান্ট স্লিপিং এনভায়রনমেন্ট’ নামের এক প্রতিবেদন আজ সোমবার সান ফ্রান্সিসকোতে এএপি ন্যাশনাল কনফারেন্স অ্যান্ড এক্সিবিশনে তুলে ধরা হবে। এই প্রতিবেদনের বরাত দিয়ে আজ এএফপি এ-সংক্রান্ত খবর প্রকাশ করে।
১৯৯০-এর দশক থেকে আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকসের (এএপি) গাইডলাইনে বলা হয়, শিশুদের চিত করে শোয়াতে হবে, পরিষ্কার খোলা বিছানা রাখতে হবে। সেখানে কোনো খেলনা বা কম্বল রাখা যাবে না। এবার নতুন নীতিমালা-বিষয়ক বিবৃতিতেও তা বহাল রাখা হয়েছে। দেখা গেছে, এসব নিয়ম মানার ফলে এ ধরনের মৃত্যুর ঘটনা প্রায় অর্ধেকে নেমে এসেছে।
যুক্তরাষ্ট্রে সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম (সিডস) এবং হঠাৎ দমবন্ধ বা কোনো কারণে গলায় চাপ লাগার মতো কারণসহ প্রতিবছর ঘুমসংক্রান্ত কারণে প্রায় সাড়ে তিন হাজার শিশুর মৃত্যু ঘটে।
এএপির গাইডলাইনে এবার বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। তা হলো সম্ভব হলে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত শিশুদের মা-বাবার কক্ষে রাখার দৃঢ় আহ্বান। কিন্তু একই বিছানায় নয়। গাইডলাইন তৈরিকারীদের প্রধান রাচেল মুন বলেন, ‘কখনো শিশুকে সোফা, কোচ বা গদিওয়ালা চেয়ারে রাখা যাবে না। একা বা কারও সঙ্গে ঘুমন্ত অবস্থায় রাখা যাবে না। আমরা জানি যে এসব জায়গা বিপজ্জনক।’
বিশেষজ্ঞরা বলেন, উপুড় করে শোয়ানোর চেয়ে চিত করে শোয়ানোর কারণে শিশুদের হঠাৎ মৃত্যুর হার অনেকটাই কমে যায়। যেমন ১৯৯২ সালে এক লাখ শিশুর মধ্যে ১২০টি শিশুর মৃত্যু হতো। ২০০১ সালে এ সংখ্যা ৫৬ জনে নেমে আসে। এক দশকে এ মৃত্যুর হার ৫৩ শতাংশে কমেছে।
শিশুরা সাধারণত বিছানায় চাদর বা ছড়ানো-ছিটানো কাপড়ের সঙ্গে জড়িয়ে যেতে পারে, অথবা খাটের বেষ্টনী বা খেলনার নিচে চাপা খেয়ে দমবন্ধ হতে পারে, কোচ বা গদিওয়ালা চেয়ারের কোনায় চাপা খেতে পারে, অনেক গরম লাগতে পারে বা কোনো কারণ ছাড়াই শ্বাস বন্ধ হয়ে মারা যেতে পারে। এক থেকে চার মাস বয়স সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
নর্দান ওয়েস্টটচস্টার হাসপাতালের শিশু বিভাগের প্রধান পিটার রিচেল বলেন, এ ধরনের ঘটনা খুব বেদনাদায়ক। সিডসের পেছনে অন্যান্য ঝুঁকিপূর্ণ কারণ হলো বাড়িতে ধূমপান ও শিশুদের সামনে মাদক বা অ্যালকোহল গ্রহণ করা।
অনেক শিশুরোগ বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন, দুই মাস বয়সেই শিশুদের তদারকি সাপেক্ষে নিজের কক্ষে পাঠানো যাবে।
এএপির এই প্রতিবেদনে জন্মের পর যত দ্রুত সম্ভব শিশুকে অন্তত এক ঘণ্টার জন্য মায়ের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়। সেখানে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর সুপারিশ করা হয়েছে। তবে সন্তানকে আলাদা জায়গায় ঘুম পাড়াতে মাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সিডস-বিষয়ক টাস্কফোর্সের এক সদস্য লোরি ফেল্ডম্যান-উইনটার বলেন, ‘সন্তানকে দুধ খাওয়ানোর সময় যদি আপনার ঘুমিয়ে পড়ার বিন্দু পরিমাণ আশঙ্কা থাকে, তাহলে অবশ্যই নিজের বিছানায় শুয়ে দুধ খাওয়ান; সোফা বা গদিওয়ালা চেয়ারে নয়। আর ঘুম থেকে জেগে ওঠার সঙ্গে সঙ্গে শিশুকে নিজের বিছানায় শুইয়ে দিন।’