মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়া নিয়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের পররাষ্ট্রনীতি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধিয়ে দিতে পারে।
গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারির পররাষ্ট্রনীতি নিয়ে এই মত দেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে নামানোর চেষ্টার বদলে যুক্তরাষ্ট্রের উচিত কথিত ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া। আইএসকে দমন করাই গুরুত্বপূর্ণ কাজ।
সিরিয়ায় একটি ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন হিলারি। এতে রুশ বিমানের সঙ্গে সংঘর্ষ বাধতে পারে বলে অনেকের মত।
সিরিয়া বিষয়ে হিলারির পরিকল্পনার সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, সিরিয়া প্রশ্নে হিলারির কথা শুনলে শেষ অবধি তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িতে যেতে হবে। সেখানে শুধু সিরিয়ার সঙ্গে লড়াই হচ্ছে না। সিরিয়া, রাশিয়া ও ইরানের সঙ্গে লড়াই হচ্ছে।
এ প্রসঙ্গে ট্রাম্প উল্লেখ করেন, রাশিয়া পারমাণবিক শক্তিধর দেশ।
নিজের প্রার্থিতার পক্ষে দলের পূর্ণ সমর্থন না থাকায় রিপাবলিকান পার্টিরও সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, দলে ঐক্য থাকলে তিনি হিলারির কাছে হারবেন না।
ট্রাম্পের সমালোচনা নাকচ করেছে হিলারির শিবির।