শহর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে হিলারি ক্লিনটন তাঁর বাড়ি মেরামত ও পুনর্বিন্যাস করছেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শহর কর্তৃপক্ষ তদন্ত করে বিষয়টির সত্যতা পেয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে প্রধান দুই প্রার্থীর খুটিনাটি দোষত্রুটির খবরও প্রচারমাধ্যমের নজর এড়াচ্ছে না। তারই অংশ হিসেবে এ ঘটনা প্রকাশ পেয়েছে।
গত গ্রীষ্মে নিউইয়র্কের অতি বিলাসবহুল এলাকা ওয়েস্টচেস্টারের চাপাকুয়াতে ১৬ লাখ ডলার দিয়ে একটি বাড়ি কেনেন ক্লিনটন দম্পতি। অক্টোবরের প্রথম দিকে বাড়িটির কয়েকটি গাছ কাটার পর বিষয়টি এলাকাবাসীর নজরে আসে এবং তাঁরা পৌর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক বাড়ি পরিদর্শন করতে এসে দেখেন, অনুমতি ছাড়া গাছ কাটা হয়েছে শুধু তা-ই নয়, বিনা অনুমতিতে বাড়িটি পুনর্বিন্যাস করা হয়েছে। এর মধ্যে আছে রান্নাঘর আধুনিকায়ন, নতুন করে হিটিং ও শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন এবং সুইমিংপুলের সংস্কারকাজ।
বিশ্বের বহু দেশেই শহর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাড়ির মালিক ইচ্ছা করলেই বাড়ির অনুমোদিত নকশা পরিবর্তন করতে পারেন না, যুক্তরাষ্ট্রের মতো কড়া আইন-কানুনের মতো উন্নত দেশে তো বটেই। কর্তৃপক্ষ এ নিয়ে এলাকাবাসীর মতামত নিয়ে ইতিবাচক সাড়া পেলে অনুমতি দিয়ে থাকে। অনুমতি ছাড়া এ ধরনের কাজ করলে বাড়ির মালিককে দণ্ডের মুখে পড়তে হয়।
নিউইয়র্ক টাইমস গত শনিবার এ-সংক্রান্ত এক প্রতিবেদনে বলেছে, শহরের ভবন পরিদর্শক হিলারির বাড়ির সংস্কারকাজে বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে বলে প্রতিবেদন দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে নিয়ম মেনে কাজ করার জন্য ১৭ অক্টোবর হিলারিকে চিঠি দেওয়া হয়েছে।
ওয়েস্টচেস্টারের একই এলাকায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পেরও একটি গলফ ক্লাব আছে।
আরও খবর