মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচনের কর্মযজ্ঞ শেষ হয়েছে। ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের অপেক্ষায় রয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নিয়েই প্রশাসনকে ঢেলে সাজানোর পাশাপাশি আদালতের দিকেও বেশ মনোযোগ দিতে হবে তাকে। কেননা তার নামে কয়েক হাজার মামলা এখনো চলমান!
মার্কিন গণমাধ্যম ইউএস টুডে’র এক প্রতিবেদন অনুযায়ী গত তিন দশকে দেশটির ফেডারেল ও বিভিন্ন অঙ্গরাজ্যের আদালত মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের নামে ইস্যুকৃত মামলার সংখ্যা ৪ হাজার ৯৫টি। এর মধ্যে অনেকগুলো মামলার কার্যক্রম এখনো চলছে। এসব মামলার মধ্যে কিছু সংখ্যকের বাদী তিনি নিজেই, আবার বেশকিছু মামলায় তাকে কিংবা তার প্রতিষ্ঠানকে আসামি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রথম বিলিয়নেয়ার প্রেসিডেন্টের রেকর্ড করলেন ট্রাম্প। পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক মামলা ঘাড়ে নিয়ে হোয়াইট হাউসে প্রবেশ করা প্রথম মার্কিন প্রেসিডেন্টও তিনি।
নির্বাচনী প্রচারণায় ভোটারদের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ভোট চেয়েছিলেন ট্রাম্প। এ ধরনের এসএমএস’এ বিরক্ত হয়ে তার বিরুদ্ধে মামলা করার ঘটনাও ঘটেছে এবার। নির্বাচনী প্রচারণা সংক্রান্ত ১৭টি মামলা হয়েছে। এর মধ্যে মাত্র একটি মামলায় তিনি বাদী। বাকি ১৬টিই ট্রাম্পের বিরুদ্ধে। এর মধ্যে একটি মামলায় হেরেছেন, একটি খারিজ হয়ে গেছে। আর একটি মামলা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তি হয়েছে। বাকি ১৪টি মামলার কার্যক্রম এখনো চলছে।
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জমজমাট ক্যাসিনো ব্যবসা রয়েছে। এ ব্যবসা সংক্রান্ত বিষয়ে গত তিন দশকে তিনি ১ হাজার ৮শ ১৮টি মামলার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৭শ ৭৯টি মামলার বাদী তিনি। ১৩৯টি মামলায় আসামি। এসব মামলার তিনটিতে হেরেছেন, জয়ী হয়েছেন ৩৮৫টিতে। খারিজ হয়ে গেছে ১৬টি মামলা। সমঝোতা হয়েছে ৪৯টি মামলা। বাকিগুলো এখনো চলমান।
ব্র্যান্ডিং ও ট্রেডমার্ক সংক্রান্ত ইস্যুতে ট্রাম্পের নামে মোট ৮৫টি মামলা রয়েছে। এর মধ্যে ৪৫টি মামলার বাদী তিনি। আর তার বিরুদ্ধে ৪০টি মামলা ইস্যু করা হয়েছে। এর মধ্যে দুটি মামলায় হারলেও, জিতেছেন চারটি মামলায়। একটি মামলায় সমঝোতা হয়েছে, আটটি মামলা আদালত খারিজ করে দিয়েছে। বাকিগুলোর কার্যক্রম এখনো চলছে।
বিভ্ন্নি ধরনের চুক্তি ভঙ্গের ২০৮টি মামলার মুখোমুখি হয়েছেন ট্রাম্প। এর মধ্যে ৬২টিতে তিনি বাদী হলেও, আসামি ১৪৬টিতে। এ সংক্রান্ত ১৩টি মামলায় ট্রাম্প জিতেছেন, হেরেছেন ৯টিতে। ১৭টি মামলা খারিজ হয়ে গেছে। সমঝোতা হয়েছে ২৮টি।
গলফ ক্লাব সংশ্লিষ্ট আইনি জটিলতায় ৬৩টি মামলা হয়েছেন। এর মধ্যে ট্রাম্প বাদী হয়েছেন ২৬টি মামলায়। তার বিরুদ্ধে করা হয়েছে ৩৭টি মামলা। তিনি সাতটি মামলায় জয়ী হয়েছেন, হেরেছেন দুটিতে। চারটি মামলা আদালতে খারিজ হয়ে গেছে। সমঝোতা হয়েছে দুটি মামলায়।
বিভিন্ন খাতে বিশাল পরিধির ব্যবসা রয়েছে ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের। রয়েছে বিশাল কর্মীবাহিনী। এসব কর্মীদের মধ্য থেকে তার বিরুদ্ধে ১১৮টি মামলা করা হয়েছে। তিনি নিজে মামলা করেছেন ১২টি ঘটনার ক্ষেত্রে। এর মধ্যে ১১টি মামলায় জিতেছেন। সমপরিমাণ মামলা খারিজ হয়ে গেছে। ট্রাম্প হেরেছেন নয়টি মামলায়। সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তি হয়েছে ২৭টি মামলা।
গলফ, ক্যাসিনো, হোটেল ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা খাতে ট্রাম্প ও তার প্রতিষ্ঠান মোট ৬৯৭টি মামলার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে মাত্র একটি মামলার বাদী তিনি। নয়টি মামলায় জয় পেলেও, হেরেছেন ১১টিতে। খারিজ হয়েছে ৩৬টি, আর সমঝোতা হয়েছে ৮৮টি মামলায়। বাকিগুলো এখনো চলছে।
সরকারি কর পরিশোধ সংক্রান্ত ইস্যুতে ১৩০টি মামলার মুখোমুখি ট্রাম্প। এর মধ্যে ১১৩টি মামলায় বাদী তিনি, অন্যদিকে তার বিরুদ্ধে করা হয়েছে ১৭টি মামলা। তিনি জিতেছেন ১৩টি মামলায়, হেরেছেন তিনটিতে। খারিজ হয়েছে চারটি, আর সমঝোতা হয়েছে ১২টি মামলা।
গণমাধ্যমের সাথে ট্রাম্পের বচসায় মোট ১৪টি মামলা হয়েছে। এর মধ্যে সম সংখ্যক মামলায় বাদী ও আসামি তিনি। মাত্র একটি মামলায় জয়ী হয়েছেন, তিনটিতে হেরেছেন। খারিজ হয়েছে তিনটি মামলা। সমঝোতা হয়েছে তিনটিতে।
দুই স্ত্রী’র সাথে ডিভোর্সসহ বিভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক ইস্যুতে মোট ২০৬টি মামলার মুখোমুখি এ মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে ২২টি মামলায় বাদী হলেও, তার বিরুদ্ধে করা হয়েছে ১৮৪টি মামলা। এর মধ্যে ১৫টি মামলা খারিজ হয়ে গেছে। জয় পেয়েছেন তিনটিতে, সমঝোতা হয়েছে আটটি মামলায়।
রিয়েল এস্টেট মোগল ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিষ্ঠানের নামে গত তিন দশকে এ ব্যবসা সংক্রান্ত মামলা হয়েছে ৬২২টি। এর মধ্যে তিনি ১৫৩টি মামলার বাদী আর ৪৬৯টি মামলার আসামি। ২১টি মামলায় জিতলেও হেরেছেন ছয়টিতে। ১১৩টি মামলা খারিজ হয়ে গেছে। আর সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করেছেন ৪০টি মামলা।
এত এত মামলার বোঝা নিয়ে আগামী জানুয়ারির ২০ তারিখে ৪৫তম মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এখন দেখার বিষয় নতুন সরকার গঠন, অভিবাসী ইস্যু, সন্ত্রাসবাদ দমন, জলবায়ু পরিবর্তন, অভ্যন্তরীণ ও বিশ্ব রাজনীতির চাপ মোকাবেলার পাশাপাশি তিনি কতোটা দক্ষভাবে এসব মামলার ঝামেলা মেটাতে সফল হন, কমিয়ে আনতে পারেন মামলার জট।