ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তা–ও এক সপ্তাহ হয়ে গেছে। এই এক সপ্তাহের প্রতিদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পের জয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। গত শনিবার হোয়াইট হাউসের সামনে চার হাজার মানুষ বিক্ষোভ করে। কোনো কোনো শহর থেকে ছোটখাটো সংঘর্ষের খবরও পাওয়া গেছে। শিকাগো ও সিয়াটলে ট্রাম্প-সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে গোলাগুলিতে প্রায় ১০ জন আহত হয়েছে। নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তারের সংখ্যা কয়েক শ।
পাশাপাশি বাড়ছে সাম্প্রদায়িক বিদ্বেষের ঘটনা। মানবাধিকার সংস্থা সাউদার্ন পোভার্টি ল সেন্টার জানিয়েছে, ট্রাম্পের জয়ের পর এ পর্যন্ত তিন শতাধিক ‘হেটক্রাইমের’ ঘটনা তারা তালিকাভুক্ত করেছে। অধিকাংশ ক্ষেত্রেই এসব হেটক্রাইমের শিকার মুসলিম অথবা হিস্পানিক অভিবাসী। কোনো কোনো ক্ষেত্রে শ্বেতকায় ট্রাম্প-সমর্থকেরাও বিক্ষোভকারীদের ক্ষোভের শিকার হয়েছে। দেশের বিভিন্ন স্থানে নাৎসিবাদী প্রতীক চিহ্ন ব্যবহার করে ট্রাম্পের প্রিয় স্লোগান ‘মেক যুক্তরাষ্ট্র গ্রেট অ্যাগেইন’ লেখা হচ্ছে। নিউইয়র্কের বাফেলোতে এমন একটি ঘটনা পুলিশ তদন্ত করে দেখছে। ট্রাম্পের অভিযোগ, এসব ‘পেশাদার বিক্ষোভকারীদের’ কাজ। তাঁর সমর্থকেরা অনেক জায়গায় এই সংঘর্ষের জন্য দায়ী, এ কথা বলা হলে ট্রাম্প এক টিভি সাক্ষাৎকারে তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, দয়া করে এসব বন্ধ করুন।
এদিকে শ্বেত শ্রেষ্ঠত্ববাদী ওয়েবসাইট ব্রেইটবার্টের প্রধান স্টিভ ব্যাননকে ট্রাম্পের প্রধান পরিকল্পক বা চিফ স্ট্র্যাটেজিস্ট হিসেবে মনোনয়ন দেওয়ায় বিভিন্ন মহল থেকে প্রতিবাদ এসেছে। ব্যানন ও তাঁর ওয়েবসাইট বর্ণবাদী ও মিথ্যা ষড়যন্ত্র-তত্ত্ব প্রচারের জন্য সুপরিচিত। সিনেটে ডেমোক্র্যাটদের বিদায়ী নেতা হ্যারি রিড বলেছেন, ব্যাননকে প্রধান সহকারী হিসেবে নিযুক্তি থেকে স্পষ্ট যে শ্বেত শ্রেষ্ঠত্ববাদীরা এখন হোয়াইট হাউসের ভেতর আশ্রয় নেবে। ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, এর ফলে দেশ সামনে এগোনোর বদলে পেছনে হটবে। নিউইয়র্ক টাইমস এক সম্পাদকীয় নিবন্ধে লিখেছে, ব্যাননের এই নিযুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ব্যানন ছাড়াও রিপাবলিকান পার্টির চেয়ারম্যান রাইন্স প্রিবাসকে নিয়োগের কথা ঘোষণা করেছেন ট্রাম্প। তিনি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করবেন। বিশেষজ্ঞদের ধারণা, কংগ্রেসের রিপাবলিকান নেতৃত্বের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে ট্রাম্প এই মনোনয়ন দিয়েছেন। দলের শীর্ষ নেতারা ইতিমধ্যেই ট্রাম্পের অ্যাজেন্ডার ব্যাপারে তাঁদের অস্বস্তি প্রকাশ করেছেন। তাঁদের প্রধান বিরক্তি মস্কোর ব্যাপারে ট্রাম্পের অতি আগ্রহ। এক দিন আগে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক টেলিফোন আলাপচারিতায় তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছেন।
অন্যান্য নিয়োগের মধ্যে রয়েছে প্রবল বিতর্কিত নিউইয়র্কের সাবেক মেয়র রুডলফ জুলিয়ানি। তাঁকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। জর্জ বুশের অতি দক্ষিণপন্থী জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি জন বোলটনও একই পদে আগ্রহী বলে জানা গেছে। আলাবামার অভিবাসন-বিরোধী সিনেটর জেফ সেশনসকে বিচার বিভাগ অথবা প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। আলাস্কার সাবেক গভর্নর সারাহ পেইলিন জ্বালানি দপ্তর আশা করছেন বলে জানা গেছে।
কে কোন পদ পাবেন, এ ব্যাপারে প্রাথমিক নির্বাচনের জন্য নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। তাদের সিদ্ধান্ত প্রভাবিত করতে দলের শীর্ষস্থানীয় কর্মকর্তা ছাড়াও বিপুলসংখ্যক লবিস্ট জড়িত রয়েছেন। এখন তাঁরাই পেছন দরজা দিয়ে কলকাঠি নাড়ছেন। নিউইয়র্ক টাইমস লিখেছে, ট্রাম্পের নির্বাচনে ভীত লবিস্টরা এখন মহা উৎসবে রয়েছেন। সিএনএন পদ নিয়ে এই কামড়াকামড়িকে ‘ছুরি যুদ্ধ’ বলে অভিহিত করেছে।
জানা গেছে, কোনো আনুষ্ঠানিক পদ গ্রহণ না করলেও ট্রাম্পের দুই ছেলে, এক জামাতা ও এক মেয়ে এই কাজে গভীরভাবে জড়িত। এঁদের জন্য ট্রাম্প ইতিমধ্যেই পূর্ণ ‘নিরাপত্তা অনুমোদন’ (সিকিউরিটি ক্লিয়ারেন্স) অনুরোধ করেছেন। এঁরা সবাই ট্রাম্পের ব্যবসা পরিচালনায় নিয়োজিত, সে কারণে অনেকেই তাঁদের প্রশাসনিক কাজে সরাসরি অংশগ্রহণের সমালোচনা করেছেন। ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি নিজে ব্যবসা থেকে সরে দাঁড়াবেন। সব দায়িত্ব তাঁর ছেলেমেয়েদের ওপর ছেড়ে দেবেন। ট্রাম্পের সন্তানদের পেছন দরজা দিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত প্রভাবিত করার সুযোগ থাকবে, সে কারণে কোনো কোনো ভাষ্যকার প্রশাসনিক কাজে তাঁদের উপস্থিতি শুধু প্রচলিত নিয়মকানুনের পরিপন্থী নয়, নৈতিকভাবে গুরুত্ব লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
ট্রাম্পের জন্য অন্য বড় সমস্যা হবে তাঁর বিরুদ্ধে কয়েক ডজন মামলা। ট্রাম্প বিশ্ববিদ্যালয়ে জালিয়াতির অভিযোগে তিনটি মামলা রয়েছে। একাধিক নারী যৌন আগ্রাসনের অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ট্রাম্প নিজেও একাধিক পত্রিকা ও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে মানহানি ও ব্যবসায়িক ক্ষয়ক্ষতির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। ট্রাম্পের আপত্তি সত্ত্বেও ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কের আদালত ট্রাম্প বিশ্ববিদ্যালয় প্রশ্নে মামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। ট্রাম্পের আইনজীবীরা যুক্তি দেখিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্প এই মুহূর্তে বিভিন্ন জাতীয় দায়িত্ব পালনে ব্যস্ত, সে কারণে মামলাটি বিলম্বিত হোক। ট্রাম্পকে যাতে ব্যক্তিগতভাবে হাজিরা দিতে না হয়, তাঁরা সে অনুরোধও করেছেন। তাঁদের অনুরোধ উপেক্ষা করে ক্যালিফোর্নিয়ার একটি আদালত এই মামলার শুনানি ২৮ নভেম্বর শুরু হবে বলে জানিয়েছেন।
আরও খবর