ট্রাম্পকে সতর্ক করলেন ওবামা

0bf230985b050ba43375eb88ca1fc388-1-1-peru-apec-summit-001757রেওয়াজ অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টরা ক্ষমতা ছাড়ার পর নতুন রাষ্ট্রনেতার কাজকর্মের সমালোচনা থেকে বিরত থাকেন। কিন্তু প্রেসিডেন্ট বারাক ওবামা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর দেশের মৌলিক মূল্যবোধের জন্য হুমকি হয়ে দাঁড়ান, সে ক্ষেত্রে তিনি (ওবামা) নীরব থাকবেন না। রেওয়াজ ভেঙে তিনি ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলবেন।

পেরুর রাজধানী লিমায় ওবামা বলেন, তিনি দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চান। আর হবু প্রেসিডেন্টকে নিজের ক্ষেত্র তৈরি করে এগোনোর সুযোগ দিতে চান। যুক্তরাষ্ট্র বৈশ্বিক পরিমণ্ডলে সত্যিকার অর্থেই একটি অপরিহার্য দেশ। এটি আন্তর্জাতিক রীতিনীতির প্রতিমূর্তি। আর সেগুলোই আধুনিক বিশ্বের ভিত্তি গড়ে দিয়েছে।

তবে ওবামা স্বীকার করেন, যুক্তরাষ্ট্র সব সময় নিজ আদর্শ ধরে রাখতে পারেনি। কিন্তু দেশটি বরাবরই বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

প্রেসিডেন্ট হিসেবে নিজের শেষ বিদেশ সফরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনায় যোগ দিতে পেরুতে গেছেন ওবামা। লিমায় রোববার আয়োজিত সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বিশ্বমঞ্চকে তিনি একরকম বিদায় জানালেন। পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের প্রতি পরামর্শ ছাড়াও ওবামা তাঁর বক্তব্যে নিজের ভবিষ্যৎ জীবন ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন।

মুক্ত বাণিজ্যের প্রতি সমর্থন বহাল রেখেছেন ওবামা। তাঁর দেশের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বিজয়ে বৈশ্বিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে অনেকেই শঙ্কিত হয়ে পড়েছেন। কারণ, ট্রাম্প সংরক্ষণবাদে বিশ্বাসী। এ ধরনের আদর্শের মোকাবিলার অঙ্গীকার করেছেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় নেতারা।

নির্বাচনী প্রচারকালে ট্রাম্প হুমকি দিয়েছেন, তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি বাণিজ্য চুক্তি বাতিল করে দেবেন। এর ফলে স্বভাবতই তাঁর বিজয়ে শঙ্কার ছাপ পড়েছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহায়তা (অ্যাপেক) জোটের সম্মেলনে। ওবামার পাশাপাশি পেরুর ওই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেন। চাপের মধ্যেও তাঁরা প্রত্যেকেই অবাধ বাণিজ্য সুবিধা চালু রাখার পক্ষে বক্তব্য দিয়েছেন।

ইউরোপ ও আমেরিকার অনেক চাকরি বিশ্বায়নসহ নানা বাণিজ্য চুক্তির ফলে অন্য অঞ্চলে চলে যাচ্ছে। এতে ওই দুই অঞ্চলের মানুষের জীবনমানের অবনতির হয় বলে অভিযোগ রয়েছে। মার্কিন নির্বাচনে ট্রাম্পের বিজয় এবং যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের পক্ষে গণভোটের রায় সেই অভিযোগের বাস্তব ভিত্তিরই প্রতিফলন।

অ্যাপেকের সম্মেলন রোববারই শেষ হয়েছে। বিশ্বায়ন নিয়ে উদ্বেগ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ওবামা বলেছেন, বাণিজ্য যতক্ষণ সঠিক পথে হয়ে থাকে ততক্ষণই ইতিবাচক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.