হ্যাকিং নিয়ে আবার সন্দেহ ট্রাম্পের

trump-sm20161219102331কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার আবারও সন্দেহ জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো রাশিয়ার বিরুদ্ধে ওই অভিযোগ করেছে। তার ভিত্তিতে ওয়াশিংটন রুশ কূটনীতিক বহিষ্কারের নির্দেশ ছাড়াও মস্কোর ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা দিয়েছে।
ফ্লোরিডায় শনিবার সাংবাদিকদের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি তাদের (গোয়েন্দা) কাছ থেকে নিশ্চিত তথ্য চাই। কারণ, এটা বেশ গুরুতর অভিযোগ।’
ট্রাম্পের যুক্তি, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আগেও ভুল করেছিল। তারাই ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র থাকার তথ্য দিয়েছিল, যার ভিত্তিতে ২০০৩ সালে দেশটিতে মার্কিন বাহিনী হামলা করেছিল। সেই যুদ্ধ মধ্যপ্রাচ্যে বিপর্যয় ডেকে আনে।
রিপাবলিকান পার্টির মনোনয়নে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ট্রাম্প আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করাটা ‘অনায্য’ হবে, যদি তাতে কোনো সন্দেহের অবকাশ থাকে। আর হ্যাকিং প্রমাণ করাটা খুব কঠিন ব্যাপার। অন্য কেউও ওই হ্যাকিংয়ে জড়িত থাকতে পারে।
ট্রাম্প ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেবেন। সাইবার নিরাপত্তার বিষয়টিকে নতুন প্রশাসন কেমন গুরুত্ব দেবে, সেই প্রশ্নের জবাবে এই ব্যবসায়ী বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সত্যিই সে রকম কিছু হলে সরকারি তথ্য লিখে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। পদ্ধতিটা পুরোনো হলেও তা-ই করতে হবে। কারণ, কোনো কম্পিউটারই নিরাপদ নয়। ট্রাম্প বলেন, এতে কে কী বলল, তাতে কিছু আসে-যায় না।
তাইওয়ানের নেতার সঙ্গে বৈঠক হতেও পারে
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের সময় ট্রাম্প তাঁর সঙ্গে বৈঠকের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি। ফ্লোরিডায় সাংবাদিকেরা তাঁকে কথাটা জিজ্ঞেস করেছিলেন। জবাবে ট্রাম্প বলেন, ২০ জানুয়ারির আগে তিনি কারও সঙ্গে বৈঠক করছেন না। কারণ, প্রটোকল অনুযায়ী তা ঠিক হবে না। ‘তবে দেখা যাক’। নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন সাই ইং-ওয়েন। এই ফোনালাপে চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। কারণ, বর্তমান মার্কিন নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের কূটনৈতিক সম্পর্ক নেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.