বিমানে ত্রুটি : ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান আবারও রিমান্ডে

Biman-bangladesh20170118161306প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার বিমানের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানকে আবারও পাঁচদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন এ রিমান্ড মঞ্জুর করেন।

দুই আসামি হলেন বিমানের ইঞ্জিনিয়ার নাজমুল হক ও টেকনিশিয়ান শাহ আলম। এর আগে সাতদিনের রিমান্ড শেষে তাদেরকে আজ (বুধবার) ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য আরও দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী অফিসার কাউন্টার টেরোরিজমের পরিদর্শক মাহবুব আলম।

এর আগে গত ১০ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানীতে জরুরি অবতরণ করে। পরে ত্রুটি মেরামত করে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতির পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী বুদাপেস্টে পৌঁছান।

ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত ১৮ ডিসেম্বর তাদের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেয়। ৩০ নভেম্বর বাংলাদেশ বিমানের ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর ১৪ ডিসেম্বর বরখাস্ত হন বিমানের তিন প্রকৌশলী।

এরপর ২০ ডিসেম্বর দিবাগত রাতে বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলীসহ ৯ জনকে আসামি করে একটি মামলা করা হয়। বাংলাদেশ বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়েল ম্যানেজমেন্ট) উইং কমান্ডার (অব.) এমএম আসাদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন- বিমানের প্রধান প্রকৌশলী (প্রডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এসএ সিদ্দিক ও প্রধান প্রকৌশলী (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এসএম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.