ইউনাইটেড এয়ারের ১৯ পাইলটের পদত্যাগ

United_Airইউনাইটেড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেডের ১৯ পাইলট একযোগে পদত্যাগ করেছেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে কারো পদত্যাগপত্র কর্তৃপক্ষ এখনো গ্রহণ করেননি। এ দিকে পাইলটদের পক্ষ থেকে ‘নো পেমেন্ট, নো ফাই’ শর্তজুড়ে দেয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এর ফলে গতকাল থেকে ইউনাইটেড এয়ারওয়েজের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের কোনো ফ্লাইট আকাশে ওড়েনি। শিডিউল অনুযায়ী বুধবার রাত ৮টায় কুয়ালা লামপুরের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফাইট ছাড়ার কথা। সেটিরও ওড়ার সম্ভাবনা কম বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। তবে ইউনাইটেড এয়ারওয়েজ কর্তৃপক্ষ ধর্মঘটি পাইলটদের সাথে বেতনভাতাসহ অন্য সব সমস্যা নিয়ে দ্রুত সমঝোতা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। খবর সংশ্লিষ্ট সূত্রের।
গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-যশোর-ঢাকাসহ যত ফ্লাইট গন্তব্য ছাড়ার কথা ছিল এর কোনোটিই ছেড়ে যায়নি। সব ফ্লাইট কর্তৃপক্ষ অনিবার্য কারণ দেখিয়ে বাতিল করেছে। ইউনাইটেড এয়ারওয়েজ কর্তৃপক্ষের পক্ষ থেকে ফ্লাইট বাতিলের তথ্য অবশ্য আগেভাগে যাত্রীদের মোবাইল জানিয়ে দেয়ায় বিমানবন্দরে হইচই হয়নি। অনেক যাত্রী টিকিটের টাকা ফেরত নিয়ে গেছেন।
ইউনাইটেড এয়ারওয়েজের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা গতকাল নাম না প্রকাশের শর্তে বলেন, এখানে দীর্ঘ দিন থেকেই বেতনভাতা নিয়ে সমস্যা চলছে। কোম্পানি ঠিকমতো বেতন না দিতে পারায় ১৮-১৯ জন পাইলট একযোগে চাকরি থেকে অব্যাহতি চেয়েছেন। উপায় না পেয়ে পাইলটরা কোম্পানিকে আলটিমেটাম দিয়েছেন, ‘নো পেমেন্ট, নো ফাই’। পাইলটস্বল্পতায় গতকাল বুধবার অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট কর্তৃপক্ষ বাতিল করেছে। রাতে কুয়ালা লামপুরে একটি ফ্লাইট যাওয়ার কথা। সেটিও মনে হচ্ছে ছাড়বে না। এক পাইলট ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এ মাসের ১৩ তারিখে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তাসবিরুল আহমেদ চৌধুরীকে আলটিমেটাম দিয়েছিলাম। ওই আলটিমেটামে বলা হয়েছিল, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে। নতুবা ১১ তারিখ থেকে আমরা ফ্লাইট পরিচালনা করব না। তিনি বলেন, ফেব্রুয়ারির বেতন দিয়েছে এ মাসের ১৩ তারিখে। তা-ও অর্ধেক বেতন ক্যাশ, আর অর্ধেক দিয়েছে ব্যাংকের মাধ্যমে। তিনি আরো বলেন, ইউনাইটেড এয়ারওয়েজের পাইলটরাই হচ্ছে ‘হার্ড অব দ্য অপারেশন’। তারা ফ্লাইট না চালালে ফার্স্ট অফিসাররাও ফ্লাই করবেন না। এ ছাড়া প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিভিন্ন সমস্যা বিরাজ করছে। শুধু বেতনের সমস্যা নয়, কোনো পাইলট যদি উড়োজাহাজ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন তাহলে তাকে চাকরিচ্যুত করার হুমকি দেয়া হয়।
১৯ জন পাইলট পদত্যাগের ব্যাপারে জানতে চাইলে ওই প্রতিষ্ঠানের এক কর্মকর্তা নয়া দিগন্তকে বলেন, পাইলটদের পক্ষ থেকে ১৩ এপ্রিল আলটিমেটাম দেয়ার পর কোম্পানি চিঠি দিয়ে পাইলটদের জানিয়েছে, আগামী তিন মাস ইউনাইটেড এয়ারওয়েজ কর্তৃপক্ষ পাইলটদের বেতন দিতে পারবে না। যারা চলে যেতে চান তারা স্ট্যান্ডরিলিজ নিয়ে চলে যাবেন। এই চিঠি পেয়ে ১৮-১৯ জন পাইলট একসাথে স্ট্যান্ডরিলিজ নেয়ার জন্য আবেদন করেন। এরপরই কর্তৃপক্ষের টনক নড়ে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.