হুয়াওয়ের নির্বাহীর ব্যাপারে হস্তক্ষেপ করবেন ডোনাল্ড ট্রাম্প।
চীনা টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান হুয়াওয়ের নির্বাহী কর্মর্তার বিরুদ্ধে চলমান মামলায় হস্তক্ষেপ করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১১ ডিসেম্বর, মঙ্গলবার সংবাদ সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য চুক্তিকে নিরাপদ রাখতে যদি কোনো উপকার হয় তবে তিনি হুয়াওয়ের নির্বাহী কর্মকর্তার মামলায় হস্তক্ষেপ করবেন।
হোয়াইট হাউসে রয়টার্সের সঙ্গে দীর্ঘ আলাপকালে ট্রাম্প বলেন, যদি আমি মনে করি যে এটা দেশের জন্য ভালো, যদি মনে করি সম্ভাব্য বৃহৎ বাণিজ্য চুক্তির জন্য এটা ভালো, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ— যা জাতীয় নিরাপত্তার জন্য ভালো—আমার কাছে যদি প্রয়োজন মনে হয় তবে অবশ্যই আমি এই ব্যাপারে হস্তক্ষেপ করব।
ট্রাম্প আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত চলমান সঙ্কট নিরসণ হিসেবে শি জিনপিংয়ের সঙ্গে চুক্তি করতে পারবেন তিনি।
এই সঙ্কটের কারণে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়েছিল এবং প্রশ্ন উঠেছিল নতুন বছরেও অর্থনৈতিক দূরাবস্থা প্রেসিডেন্ট ট্রাম্পকে জেঁকে ধরবে।
যুক্তরাষ্ট্রের অনুরোধে হুয়াওয়ের সহ-নির্বাহী কর্মকর্তা মেং ওয়ানঝুকে গ্রেফতার করে কানাডা। ওয়ানঝুর বিরুদ্ধে অভিযোগ, তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছেন।
আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে এক বৈঠকের পর শি জিনপিংয়ের সঙ্গে যেদিন ট্রাম্প ৯০ দিনের বাণিজ্য যুদ্ধ বিরতির ঘোষণা দেন ঠিক সেদিনই মেং ওয়ানঝুকে গ্রেফতার করা হয়।
সাক্ষাৎকারে ট্রাম্প ওয়াশিংটন পোস্টের নিহত সাংবাদিক জামাল খাসোগির বিষয়েও কথা বলেন। তিনি খাসোগি হত্যার নিন্দা জানান। এ সময় তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে খাসোগি হত্যায় জড়িত থাকার অভিযোগটি অস্বীকার করেছেন তা পুনর্ব্যক্ত করেন। যদিও গত মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) তাদের মূল্যায়ণে বলেছে, মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই খাসোগিকে হত্যা করা হয়েছে।