দেয়ালের প্রয়োজনে জরুরি অবস্থা
দেয়ালের প্রয়োজনে জরুরি অবস্থা।
যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্তে দেয়াল তুলতে কংগ্রেস অনুমোদন না দিলে জাতীয় দুর্যোগ বা জরুরি অবস্থার ঘোষণা করে ওই দেয়াল নির্মাণ করা হবে। দেয়াল নির্মাণে প্রয়োজনীয় অর্থের বরাদ্দে সম্মতি না দেওয়া প্রসঙ্গে এক বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেন।
মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকার বরাতে এ তথ্য জানা যায়। এদিকে ট্রাম্পের সঙ্গে কংগ্রেস সদস্যের বিরোধের কারণে মার্কিন প্রেসিডেন্ট সরকারের বিভিন্ন কার্যালয়ের অর্থায়ন বন্ধ করে দিয়েছে। ফলে এসব সরকারি অফিসের কর্মচারীরা ক্রিসমাসের সময়ও বেতন পাননি। তিন সপ্তাহ ধরে মার্কিন সরকার আংশিকভাবে অচল রয়েছে। ট্রাম্প জানান এটা বছরের পর বছর ধরেও চলতে পারে।
ভয়েস অব আমেরিকা আরও জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন শাটডাউন বা সরকারের কাজকর্ম সাময়িক বন্ধ থাকার বিষয় নিয়ে কংগ্রেশনাল নেতাদের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি আশা করেন, সীমান্ত নিরাপত্তার বিষয়টি নিয়ে সমঝোতার মাধ্যমে এ অবস্থার দ্রুত অবসান ঘটবে।
হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রথমে ট্রাম্প বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে চলমান যুক্তরাষ্ট্র সরকারের আংশিক শাটডাউন বা কাজকর্ম সাময়িক বন্ধ থাকার অবস্থা মাসের পর মাস বা বছর পর্যন্ত গড়াতে পারে। দেশের নিরাপত্তার স্বার্থে, শক্তিশালী সীমান্ত দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দে রাজি না হলে এ অবস্থা চলবে।
তিনি আরও বলেন, আমি মনে করি এ অবস্থা বেশি দিন চলবে না। সীমান্ত নিরাপত্তা বিষয়ে সমঝোতা হলেই সরকারের কাজকর্ম চালু হবে।
সমঝোতা না হলে প্রেসিডেন্ট জরুরি ক্ষমতাবলে কিছু করবেন কি না, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, হ্যাঁ, তেমন হলে তিনি তা করতেও পারেন।