৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি শ্রম সংকটে পড়েছে জাপান

৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি শ্রম সংকটে পড়েছে জাপান।

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানে শ্রমিক সংকট ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। গত বছর প্রতি ১০০ জন চাকরিপ্রার্থীর বিপরীতে দেশটিতে চাকরি ছিল ১৬১টি। ১৯৭৩ সালের সালের পর এটিই চাকরিপ্রার্থী ও চাকরির সর্বোচ্চ অনুপাত। খবর: এএফপি।
বৃদ্ধের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং শিশু জম্মের হার কমে যাওয়ায় অনেক বছর ধরেই শ্রম সংকটে ভুগছে জাপান। দেশটির শ্রম মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ডিসেম্বরেও প্রতি ১০০ জন চাকরিপ্রার্থীর জন্য চাকরি ছিল ১৬৩টি। জানুয়ারিতে এ অনুপাত আরও কমল।
জাপানের আন্তর্জাতিক সম্পর্ক মন্ত্রণালয়ের পৃথক উপাত্তে দেখা গেছে, গত ডিসেম্বরে দেশটির বেকারত্বের হার দুই দশমিক চার শতাংশ ছিল, যা আগের মাসের তুলনায় দশমিক এক শতাংশ কম। শ্রম ঘাটতির পাশাপাশি জাপান মূল্যস্ফীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুদ্ধ করছে। গত মাসে ব্যাংক অব জাপান আগামী মার্চে শেষ হতে যাওয়া আর্থিক বছরে মূল্যস্ফীতি এক দশমিক চার শতাংশ থেকে কমিয়ে দশমিক ৯ শতাংশের পূর্বাভাস দিয়েছে।
প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জাপানের ভোক্তা খরচ ও রফতানি কিছুটা কমে গেছে। এতে সেপ্টেম্বরে শেষ হওযা প্রান্তিকে দেশটির অর্থনীতি কিছুটা সংকুচিত হয়েছে। তবে বিশ্লেষকরা মনে প্রত্যাশা করছেন, বছরের শেষ প্রান্তিকে দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়াবে।
প্রতিবেদন মতে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে জাপানের অর্থনীতি আগের বছরের একই সময়ের তুলনায় এক দশমিক দুই শতাংশ সংকুচিত হয়েছে। এটি পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। রয়টার্সের জরিপে বলা হয়েছিল প্রবৃদ্ধি এক শতাংশ সংকুচিত হবে।
তৃতীয় প্রান্তিকে জাপানের রফতানি আগের প্রান্তিকের তুলনায় এক দশমিক আট শতাংশ কমেছে। গত তিন বছরের মধ্যে এটিই রফতানির সবচেয়ে বড় পতন।
চলতি বছরের জাপানে অকেগুলো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। এর মধ্যে দশকের মধ্যে সবচেয়ে ভয়াভহ বন্যা, ভূমিকম্প ও টাইফুনের মতো দুর্যোগের ঘটনা ঘটেছে। এতে কারখানাগুলোর কার্যক্রম ব্যাহত হয়েছে এবং অভ্যন্তরীণ খরচ বেড়ে গেছে।
এদিকে শ্রমিক সংকটে ভোগা জাপান বিদেশি শ্রমিকদের টানতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। দেশটির কৃষি, নার্সিং, হোটেল, নির্মাণ ও শিপবিল্ডিং খাতে বিদেশি শ্রমিক দিয়ে সে ঘাটতি পূরণ করতে চাচ্ছে দেশটি। নতুন পরিকল্পনার মধ্যে উল্লিখিত খাতে দক্ষ বিদেশি কর্মীদের পাঁচ বছরেরও বেশি সময়ের জন্য ভিসা অনুমোদন দেওয়ার মতো উদ্যোগ রয়েছে। সংশ্লিষ্ট খাতে বিদেশি কর্মীদের দক্ষতা এবং জাপানিজ ভাষার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হলে পারমানেন্ট রেসিডেন্সি এবং পরিবারের অন্য সদস্যদের সেদেশে নিয়ে যাওয়ার মতো সুযোগ দেওয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.