যুক্তরাষ্ট্রে হামলার হুমকি ভ্লাদিমির পুতিনের।
ওয়াশিংটন যদি ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে, তা হলে পাল্টা জবাব হিসেবে যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলা করবে মস্কো। এমন হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা দেখা দেওয়ার পর এটাই পুতিনের সবচেয়ে কঠোর হুশিয়ারি। গতকাল বার্তা সংস্থা রয়টার্স এ খবর দেয়।
রাশিয়া যুদ্ধ চাইছে না জানিয়ে পুতিন বলেছেন, এ মাসে ওয়াশিংটন ঐতিহাসিক আইএনএফ চুক্তি বাতিল করলেও তার জবাবে রাশিয়া ক্ষেপণাস্ত্র মোতায়েনের কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে নিশ্চিতভাবেই পাল্টা পদক্ষেপ নেবে ক্রেমলিন। পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের কিছু নীতিনির্ধারক আধিপত্য বিস্তারে অতি আগ্রহী, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়ার আগে তাদের উচিত এর ঝুঁঁকি হিসাব করে দেখা। তার ভাষায়, ‘ওরা কীভাবে চায়, সেটা ভাবার অধিকার তাদের আছে।
কিন্তু ওরা গুনতে পারে কিনা? আমি নিশ্চিত, ওরা গুণতে পারে। আমরা যে অস্ত্র তৈরি করছি, তার গতি ও পাল্লা ওরা হিসাব করুক।’ রাশিয়া শর্ত ভঙ্গ করছে জানিয়ে ওয়াশিংটন এ মাসে আইএনএফ চুক্তি বাতিল করে এবং নতুন অস্ত্র তৈরির ঘোষণা দেয়। এ চুক্তির আওতায় পরমাণু বোমা বহন করতে পারে এমন ছোট ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ইউরোপে মোতায়েন নিষিদ্ধ করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের পর রাশিয়া চুক্তি ছেড়ে বেরিয়ে যাওয়ায় মস্কো ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রাশিয়া চুক্তির শর্ত ভঙ্গ করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের দেখাদেখি রাশিয়া চুক্তিটি ত্যাগ করলেও পুতিন এই সংকট আরও ঘনীভূত করতে কোনো পদক্ষেপ নেননি। পুতিন নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের কোনো ঘোষণা দেননি এবং নতুন অস্ত্রব্যবস্থার টাকা বর্তমান বাজেট থেকেই দিতে হবে। ওয়াশিংটন প্রথমে অস্ত্র মোতায়েন না করলে তিনি ইউরোপ বা অন্য কোথাও ক্ষেপণাস্ত্র মোতায়েন করবেন না বলে জানিয়েছেন।