গত ১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ভারতের ৪৯ সিআরপিএফ সদস্য মারা গেছেন। নৃশংস সেই হামলায় পাকিস্তান জড়িত, এমনটিই দাবি করছে ভারত। দুদেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।
ওই ঘটনার প্রতিবাদে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলা উচিত নয় বলে মনে করছেন ভারতীয় সাবেক-বর্তমান ক্রিকেটাররা।
আগামী ১৬ জুন বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তানের। বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা জোরদার করতে আইসিসিকে চিঠি দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
সেই চিঠিতে বলা হয়, ৪৯ জন সেনার মৃত্যুতে আমরা বিশ্বকাপে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত। আশা করব, এ ব্যাপারে নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হবে। শুধু ক্রিকেটার নয়, আম্পায়ারসহ ম্যাচের সঙ্গে জড়িয়ে থাকা সব কর্মকর্তা এবং দর্শকদের নিরাপত্তার দিকে যথেষ্ঠ নজর দেবে আইসিসি এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
এ ব্যাপারে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেন, আইসিসির কাছে নিরাপত্তা বরাবরই প্রধান বিষয়। দুবাইয়ে ২ মার্চ আমরা আলোচনায় বসব। সেখানেই নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। সব দেশের ক্ষেত্রেই নিরাপত্তাব্যবস্থা একই রকম থাকবে।