হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস বলেন, এবাদত আমাকে মুগ্ধ করেছে। আমরা জানি খালিদ আহমেদ ও আবু জায়েদ রাহী ভালো করার সামর্থ রাখে। সৌম্য দারুণ বোলিং করেছে। তবে নিউজিল্যান্ড তাদের ক্লাস দেখিয়েছে। কেন উইলিয়ামসন বেশ সলিড ব্যাটিং করেছে। এমন ফ্লাট উইকেটে তাদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানদের আউট করা কঠিন।
নিউজিল্যান্ডের পেস সহায়ক উইকেটে আনকোরা পেসারদের নিয়েই খেলায়, যা হওয়ার তাই হয়েছে। বাংলাদেশের করা ২৩৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৪৫১ রান তুলেছে স্বাগতিক নিউজিল্যান্ড। তিন পেসার (রাহী, খালেদ ও এবাদত) ৬৬ ওভার বল করে ২২৬ রান খরচ করে একটি উইকেটেও শিকার করতে পারেননি।
হ্যামিল্টন টেস্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তরুণ পেস বোলার এবাদত প্রসঙ্গে কোচ বলেন, এবাদত বেশ উদ্যম ও উদ্দীপনা দেখিয়েছে। তার বলে ভালো পেস ছিল। অন্যদের মতো সেও বাংলাদেশ দলের ভবিষ্যত। আমি মনে করি অভিজ্ঞতা অর্জিত হলে সেও ভালো কিছু করতে পারবে। অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হলে ভবিষ্যতে তারা এই ধরনের মাঠে প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২৩৪/১০ (তামিম ১২৬, লিটন ২৯, সাদমান ২৪, মাহমুদউল্লাহ ২২; ওয়াগনার ৫/৪৭, সাউদি ৩/৭৬)।
নিউজিল্যান্ড: ৪৫১/৪ (টম লাথাম ১৬১, রাভেল ১৩২, উইলিয়ামসন ৯৩*, নিকোলাস ৫৩; সৌম্য ২/৫৭)।
দ্বিতীয় দিনের খেলা শেষে ২১৭ রানে এগিয়ে নিউজিল্যান্ড।