মিয়ানমারের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞার আহ্বান মার্কিন সিনেটরদের।
মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে নিজ দেশের সরকারের উদ্দেশে চিঠি দিয়েছেন চার মার্কিন সিনেটর। চিঠিতে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও দমন-পীড়নের জন্য দায়ী সেনা কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার জন্য আরো জোর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন বলে উল্লেখ করেছেন তারা। খবর এএফপি।
ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সিনেটর টড ইয়ং, ম্যাসাচুসেটসের এডওয়ার্ড জে মার্কি, ওরেগনের জেফ মার্কলে ও ইলিনয়ের সিনেটর ডিক ডারবিনের পক্ষ থেকে এ চিঠি পাঠানো হয় বলে সিনেটর টড ইয়ংয়ের ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে টড ইয়ং সিনেটে রিপাবলিকান পার্টির হয়ে নিজ এলাকার প্রতিনিধিত্ব করছেন। অন্য তিনজনই ডেমোক্রেটিক পার্টির।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মানিউচিনকে উদ্দেশ করে এ চিঠি দেয়া হয়েছে। চিঠিতে চার মার্কিন সিনেটর রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতনের জন্য অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান।
এর আগে ব্যাপক হত্যাযজ্ঞের অভিযোগে গত বছরের আগস্টে কয়েকজন বর্মি সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। চিঠিতে এ পদক্ষেপকে স্বাগত জানানো হলেও তা যথেষ্ট বলে মনে করছেন না চার মার্কিন সিনেটর। এজন্য বর্মি সেনাপ্রধান মিন অং হ্লাইংসহ নৃশংসতার জন্য দায়ী অন্যান্য সর্বোচ্চ সামরিক কর্মকর্তাদের আরো কঠোর নিষেধাজ্ঞার আওতায় আনার মাধ্যমে মিয়ানমারের সেনাবাহিনীকে আরো শক্ত ‘মেসেজ’ দেয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।
এ চার সিনেটরের ভাষ্য অনুযায়ী, রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর বর্বর হত্যাযজ্ঞ ও যৌন নিপীড়ন চালানোর ঘটনায় যেখানে আন্তর্জাতিকভাবে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে, সেখানে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের ‘বিশ্বাসযোগ্য অগ্রগতির লক্ষণ’ দেখাতে পারেনি মিয়ানমার।
চিঠিতে লেখা হয়, যুক্তরাষ্ট্র যে মানুষের মৌলিক অধিকারবিরোধী কার্যক্রমকে কোনোভাবেই সহ্য করে না, সে বার্তাটি জানিয়ে দেয়া জরুরি বলেই
আমরা বিশ্বাস করি। বিশেষ করে বর্মি সেনাপ্রধান হিসেবে মিন অং হ্লাইং যে ভূমিকা রেখেছেন, সেজন্য তাকে গ্লোবাল ম্যাগনিটস্কি আইনের অধীনে আনার বিষয়টি বিশেষভাবে তাত্পর্যপূর্ণ হবে। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত দুষ্কর্মে মিন অং হ্লাইংয়ের ভূমিকার যে প্রমাণ পাওয়া গেছে, তা তাকে একই সঙ্গে গ্লোবাল ম্যাগনিটস্কি অ্যাক্ট ও প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা আদেশের আওতায় আনার জন্য যথেষ্ট।
প্রসঙ্গত, প্রয়াত এক রুশ অ্যাকাউন্ট্যান্টের নামে নামকরণকৃত ম্যাগনিটস্কি অ্যাক্টের আওতায় মানবাধিকার লঙ্ঘনকারী বিদেশীদের সম্পদ জব্দ ও তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
২০১৭ সালে বর্মি সেনাবাহিনীর অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা উদ্বাস্তু পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং শুরু থেকেই সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও নির্যাতন চালানোর অভিযোগ অস্বীকার করে এসেছেন। গত মাসেও জাপানের অন্যতম জাতীয় সংবাদমাধ্যম আসাহি শিমবুনকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, বর্মি সেনাবাহিনী যে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালিয়েছে, তার কোনো ‘নিশ্চিত প্রমাণ নেই’।