রামোসে স্পেনের স্বস্তি

রামোসে স্পেনের স্বস্তি।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর উয়েফা নেশন্স লিগেও চূড়ান্তপর্বে উঠতে পারেনি স্পেন। সেই যুগল হতাশা পেছনে ফেলে জয় দিয়ে ২০২০ ইউরো বাছাইপর্ব শুরু করল দু’বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে জয়টা অবশ্য সহজে পায়নি লা রোহারা। অনেক সুযোগ নষ্টের ভিড়ে আরেকটি সফল পানেনকা পেনাল্টি গোলে স্পেনকে স্বস্তির জয় এনে দিয়েছেন অধিনায়ক সের্গিও রামোস। শনিবার রাতে ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে স্পেন।
গত বিশ্বকাপের টিকিট মিস করা ইতালিও প্রত্যাশিত জয় দিয়ে শুরু করেছে ইউরো বাছাইপর্ব। ঘরের মাঠে ইতালিকে পথ দেখিয়েছে দুই তরুণ। নিকোলো বারেল্লা ও মোইজে কিনের প্রথম আন্তর্জাতিক গোলে ফিনল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে রবার্তো মানচিনির দল। সাত মিনিটে ইতালিকে এগিয়ে দেন ২২ বছর বয়সী মিডফিল্ডার বারেল্লা। ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দেশের হয়ে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা জুভেন্টাস সেনসেশন কিন। মাত্র ১৯ বছর ২৩ দিন বয়সে গোলের খাতা খুলে ইতালির ফুটবল ইতিহাসে জায়গা করে নিয়েছেন তিনি।
ইতালির দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা কিন। তার চেয়ে কম বয়সে ইতালির জার্সিতে গোল করার কীর্তি আছে শুধু ব্রুনো নিকোলোর। ১৯৫৮ সালে ১৮ বছর ২৫৩ দিন বয়সে প্রথম আন্তর্জাতিক গোল করেছিলেন নিকোলো। এ মৌসুমে জুভেন্টাসের হয়ে সাত ম্যাচে তিন গোল করা কিন ইতালির জার্সিতে যেতে চান বহু দূর, ‘আরও অনেক গোল ও রেকর্ড আমার অপেক্ষায় আছে। আমি সেগুলো অর্জন করতে চাই।’ জে-গ্রুপের আরেক ম্যাচে আর্মেনিয়াকে ২-১ গোলে হারিয়েছে বসনিয়া। অধিনায়ক এডিন জেকোর জন্য এটি ছিল বিশেষ এক ম্যাচ। বসনিয়ার প্রথম ফুটবলার হিসেবে ১০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন রোমা ফরোয়ার্ড।
ভ্যালেন্সিয়ায় এফ-গ্রুপের ম্যাচে আক্রমণাত্মক খেলেও ফিনিশিংয়ের দুর্বলতায় ভুগতে হয়েছে স্পেনকে। জর্ডি আলবার ক্রস থেকে ১৬ মিনিটে স্পেনকে এগিয়ে দেন রদ্রিগো। ৬৫ মিনিটে জসুয়া কিংয়ের পেনাল্টি গোলে সমতায় ফেরে নরওয়ে। মিনিট পাঁচেক পর আলভারো মোরাতা ফাউলের শিকার হলে স্পেনও পায় পেনাল্টি। পানেনকা স্পটকিকে লক্ষ্যভেদ করে স্পেন শিবিরে স্বস্তি ফেরান রামোস। জাতীয় দলের হয়ে ১৬২ ম্যাচে স্প্যানিশ ডিফেন্ডারের ১৮তম গোল এটি।
স্পেনের জার্সিতে এ নিয়ে টানা পাঁচ ম্যাচে গোল করলেন রামোস। ডিফেন্ডার হয়েও এ মৌসুমে ক্লাব ও দেশের হয়ে তার গোল সংখ্যা ১৬। এর মধ্যে পেনাল্টি থেকে যে নয় গোল করেছেন রামোস, তার পাঁচটিই সোজাসুজি মারা পানেনকা শটে। ম্যাচ শেষে অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ স্পেন কোচ লুইস এনরিক, ‘ফুটবল ইতিহাসের এক অনন্য খেলোয়াড় রামোস।’
গ্রুপের আরেক ম্যাচে একই ব্যবধানে রুমানিয়াকে হারিয়েছে সুইডেন। ডি-গ্রুপের ম্যাচে জর্জিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে সুইজারল্যান্ড এবং পুঁচকে জিব্রাল্টারকে ১-০ গোলে হারিয়েছে আয়ারল্যান্ড।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.