গোলানে ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি ডোনাল্ড ট্রাম্পের।
আন্তর্জাতিক নীতি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইশতেহারের তোয়াক্কা না করে অধিকৃত গোলান মালভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার হোয়াইট হাউজে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং উপদেষ্টা ও জামাই জারেড কুশনারের উপস্থিতিতে এ সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন ট্রাম্প। খবর পার্সটুডের।
১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় তেল আবিব সিরিয়ার কাছ থেকে কৌশলগত এই এলাকাটি দখল করে নেয়। তবে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল কখনই এর স্বীকৃতি দেয়নি।
দশকের পর দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বে অন্যান্য দেশগুলোও ইসরায়েলের এই দখলদারিত্বকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু গত বৃহস্পতিবার ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, আমেরিকা জেনেছে গোলান ইসরায়েলের সার্বভৌম। আর এ কারণেই গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়া উচিত। ৫২ বছর পর গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্বে স্বীকৃতি দেয়ার এখনই সময় বলেও তিনি মন্তব্য করেন।
ট্রাম্পের ওই ঘোষণায় জাতিসংঘ মানবাধিকার কমিশন, ইউরোপীয় ইউনিয়ন, ইরান, সিরিয়া, তুরস্ক, ফ্রান্সসহ বহু দেশ নিন্দা জানিয়েছে।
সিরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে, ‘ট্রাম্পের মন্তব্য ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ পক্ষপাতের প্রমাণ। কিন্তু তার এ মন্তব্যে গোলান মালভূমির প্রকৃত বাস্তবতার পরিবর্তন ঘটবে না। অঞ্চলটি অতীতেও সিরিয়ার আরবদের ছিল, ভবিষ্যতেও থাকবে।’
দখলদার ইসরায়েল ১৯৮১ সালে গোলান মালভূমিকে আনুষ্ঠানিকভাবে নিজ ভূখণ্ড বলে ঘোষণা দেয়। ২০১৮ সালের ১৬ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গোলান মালভূমির মালিকানা সংক্রান্ত এক ভোটাভুটি হয়। সেখানে উপস্থিত ১৫৩ দেশের মধ্যে ১৫১ দেশ এ ভূখণ্ডের মালিকানা সিরিয়ার বলে স্বীকৃতি দেয়। শুধু আমেরিকা ও ইসরায়েল প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নেয়।