ফের শীর্ষে ম্যানচেস্টার সিটি।
আবারও শীর্ষে ম্যানচেস্টার সিটি। ব্রাইটনকে উড়িয়ে দিয়ে পাঁচে উঠে এসেছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে ২-০ গোলে জেতে ম্যানসিটি। ৩-০ গোলে জয় পায় চেলসি।
কেভিন ডি ব্রুইনের নৈপুণ্যে ম্যাচের শুরুটা দারুণ হয় সিটির। ষষ্ঠ মিনিটে এমেরিক লাপোর্তের পাস ডি-বক্সে পেয়ে দুরূহ কোণ থেকে জোরালো শটে দলকে এগিয়ে দেন বেলজিয়ামের মিডফিল্ডার। ৪৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেরয় সানে। ডানদিক থেকে রিয়াদ মাহরেজের ক্রসে গ্যাব্রিয়েল জেসুস বল বাড়ান ডি-বক্সে।
প্রথম ছোঁয়ায় নিচু শটে বল লক্ষ্যে পাঠান জার্মান ফরোয়ার্ড। ৩২ ম্যাচে ২৬ জয় ও দুই ড্রয়ে শীর্ষে ফেরা ম্যানসিটির পয়েন্ট ৮০। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে লিভারপুল। আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারানো টটেনহ্যাম ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। চার নম্বরে নেমে যাওয়া আর্সেনালের পয়েন্ট ৩১ ম্যাচে ৬৩।
ম্যাচের শুরু থেকে বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা চেলসি ৩৮ মিনিটে এগিয়ে যায়। ডানদিক দিয়ে ডি-বক্সে ঢোকা ইংলিশ ফরোয়ার্ড ক্যালাম হাডসন-ওডোইয়ের গোলমুখে বাড়ানো বল ফ্লিকে জালে পাঠান অলিভিয়ের জিরু। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে আরও দুটি গোল করে চেলসি।
৬০ মিনিটে রুবেন লোফটাস-চিকের পাস পেয়ে একজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকেই জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন ইডেন হ্যাজার্ড। তিন মিনিট পর বেলজিয়ান ফরোয়ার্ডের পাস ধরে দূরপাল্লার উঁচু শটে জাল খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার লোফটাস-চিক।
৩২ ম্যাচে ১৯ জয় ও ছয় ড্রয়ে চেলসির পয়েন্টও আর্সেনালের সমান ৬৩। তবে গোল ব্যবধানে পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে ব্ল–জরা। ষষ্ঠ স্থানে নেমে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৬১।