বাণিজ্যযুদ্ধ এখনও শেষ হয়নি: ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটনে আয়োজিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় একত্র হওয়া বিশ্ব অর্থনীতির নীতিনির্ধারকদের বাণিজ্যযুদ্ধ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তার বাণিজ্যযুদ্ধ এখনও শেষ হয়নি। বিশ্ব প্রবৃদ্ধি শ্লথগতি বাণিজ্যযুদ্ধের সঙ্গে সম্পর্কিত বলেও তিনি মন্তব্য করেছেন। খবর ইকোনমিক টাইমস।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বেসামরিক বিমান, কৃষিপণ্য, পনির, ওয়াইন ও অলিভ অয়েলসহ এক হাজার ১০০ কোটি ডলারের পণ্যের ওপর শুল্কারোপের প্রস্তাব দেওয়ার একদিন পর এমন বার্তা দিলেন ট্রাম্প। বোয়িংয়ের প্রতিদ্বন্দ্বী এয়ারবাসের ওপর ইইউ’র ভর্তুকির প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে গত মঙ্গলবার শুল্কারোপের এ ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
ইইউ জানিয়েছে, বোয়িংয়ের ওপর মার্কিন ভর্তুকির পাল্টা পদক্ষেপ হিসেবে এয়ারবাসকে ভর্তুকি দিয়েছে তারা। কিন্তু এক হাজার ১০০ কোটি ডলারের পণ্যের ওপর শুল্কারোপ অতিরঞ্জিত। বিশ্ব বাণিজ্য সংস্থা এর নিষ্পত্তি করবে। এয়ারবাসও ওয়াশিংটনের এই পদক্ষেপকে সতর্ক করে বলেছে, এটি দুই দেশের বাণিজ্যিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে।
প্রাথমিকভাবে প্রস্তাবিত শুল্কারোপের পণ্যের মধ্যে রয়েছেÑস্যামন মাছ, চিজ, লেমন ফ্রেশ, ভার্জিন অলিভ অয়েল, মার্সালা ওয়াইন, মোটরসাইকেল, দেয়াল ঘড়ি, উলের সোয়েটার ও সিরামিক পণ্য। এছাড়া ফ্রান্স, জার্মানি, স্পেন ও ব্রিটেন উৎপাদিত হেলিকপ্টার, বেসামরিক বিমান ও বিমানের সরঞ্জামের ওপর শুল্কারোপের প্রস্তাব দেওয়া হয়েছে।
এমন সময় এ ঘোষণা আসল, যখন ওয়াশিংটন ও ব্রাসেলসের মধ্যে দ্বন্দ্ব ও শীতল সম্পর্ক চলছে। এছাড়া ব্রেক্সিট সমঝোতা ও ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন নিয়েও গুরুত্বপূর্ণ সময় পার করছে ইইউ। গত বছর যুক্তরাষ্ট্র ইইউ থেকে আমদানিকৃত স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্কারোপ করে যুক্তরাষ্ট্র। পাল্টা পদক্ষেপ হিসেবে ইইউ’ও যুক্তরাষ্ট্রের হুইস্কি, মোটরসাইকেল, জুসসহ দুই হাজার ৪০০ কোটি ইউরো মূল্যের পণ্যের ওপর শুল্কারোপ করে। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইইউ বাণিজ্য চুক্তিতে না আসে তবে ইইউ থেকে আমদানিকৃত গাড়ির ওপরও শুল্কারোপ করা হবে।
এদিকে বহুদিন ধরে বৈরী সম্পর্কের মধ্যে গত বছর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ শুরু হয়। একে অন্যের ওপর কয়েক বিলিয়ন ডলার শুল্কারোপ করে বাণিজ্যযুদ্ধের দিকে এগিয়ে গেছে তারা। উভয় দেশের অর্থনীতিতে এর প্রভাব বুঝতে পেরে এ বাণিজ্যযুদ্ধ অবসানে আলোচনা শুরু করে দুই দেশ। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে।