কোথায় আছেন আইএস নেতা আল-বাগদাদি?

কোথায় আছেন আইএস নেতা আল-বাগদাদি?

জঙ্গি গোষ্ঠী আইএস বাহিনীর স্বঘোষিত ও পলাতক ‘খলিফা’ আবু বকর আল-বাগদাদি এখন বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র তার মাথার দাম নির্ধারণ করেছে ২৫ মিলিয়ন বা আড়াই কোটি মার্কিন ডলার।
২০১৪ সালে ইরাকের মসুলে এক বক্তৃতার মাধ্যমে তথাকথিত ‘খিলাফত’ ঘোষণার পর থেকে তাকে আর কেউ স্বচক্ষে দেখতে পেয়েছে বলে দাবি করেনি।
এ সপ্তাহের শুরুর দিকে আল-বাগদাদি একটি ১৮ মিনিটের অনলাইন বার্তা প্রকাশ করেন, যেখানে তিনি তার সমর্থকদের উজ্জীবিত করার কথা বলেছেন। তবে বলাই বাহুল্য, বর্তমানে তার অবস্থানের কোনো খোঁজ সেখানে নেই।
সুতরাং আল-বাগদাদি এখন কোথায় আছেন বা কিভাবে তার সন্ধান মিলবেÑ এই প্রশ্ন যেমন রয়েছে, সেইসঙ্গে আরো যে প্রশ্নটি উঠে আসে তা হলো অত্যাধুনিক সব প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তার অবস্থান শনাক্ত করতে পারছে না?
একটি রিপোর্টে বলা হচ্ছে, ২০১৬ সালের ৩রা নভেম্বর একটি ভুলের খেসারতে নিজের জীবন খোয়াতে বসেছিলেন আল-বাগদাদি।
তখন ইরাকের মসুলে আইএস বাহিনীর সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর তুমুল লড়াই চলছিল।
সে সময় শহরের বাইরের কোনো এক জায়গা থেকে আল-বাগদাদি ৪৫ সেকেন্ডের একটি রেডিও বার্তার মাধ্যমে তার অনুসারীদের লড়াই চালিয়ে যেতে উৎসাহ দেন। ওই বার্তাটি জোট বাহিনী পরিচালিত আড়িপাততে সক্ষম একটি গোয়েন্দা বিমানের মাধ্যমে ধরা পড়ে যায়, এবং তার কণ্ঠ মিলিয়ে তাকে চিনতেও সক্ষম হয় তারা।
আইএস নেতা আল-বাগদাদি বিশ্বের কোথায় লুকিয়ে আছেন তা স্পষ্ট নয়। কিন্তু এরপরই আইএস নেতাকে তার দেহরক্ষীরা সেই জায়গা থেকে দ্রুত সরিয়ে নিয়ে যায়। এরপর আর কখনোই কোনো রেডিও বার্তা তিনি প্রচার করেন নি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি ‘এনএসএ’ এবং ব্রিটেনের ডিসিএইচকিউ-এর সংকেত অনুধাবনের একটি শক্তিশালী ক্ষমতাসম্পন্ন শাখা রয়েছে, যারা পৃথিবীজুড়ে আদান-প্রদান করা বিভিন্ন গুপ্ত এবং উন্মুক্ত নানা ধরনের সংকেত বা সিগন্যাল সংগ্রহ ও বিশ্লেষণ করে থাকে।
অতীতে যেকোনো স্থান থেকে সন্ত্রাসী বা তালিকাভুক্তদের খোঁজ মিলতো, তাদের টেলিফোন সিগন্যাল বা দীর্ঘ সময় ইন্টারনেটে থাকার সংকেত ট্র্যাক করার মাধ্যমে।
বিন লাদেন এসব বিষয়ে খুব ভালোভাবেই জানতেন, আর আল-বাগদাদি নিশ্চয়ই তার চেয়েও বেশি ধারণা রাখেন বলে মনে করা হয়।
বাগদাদির ভিডিও প্রকাশের দিন থেকেই মার্কিন গোয়েন্দারা এই নীতিই অনুসরণের চেষ্টা চালিয়ে আসছেন। কিন্তু তার নিরাপত্তায় নিযুক্ত ব্যক্তিরা আরো অনেক বেশি সতর্ক। অত্যন্ত বিশ্বস্ত অল্প সংখ্যক লোক চারপাশ থেকে তাকে আগলে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
আবু বকর আল-বাগদাদিকে এর আগে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল ২০১৪ সালে মসুলের একটি মসজিদে।
নাম আবু বকর আল-বাগদাদিÑ তবে তার আসল নাম ইব্রাহিম আওয়াদ আল-বদরি।

১৯৭১ সালে ইরাকের সামারার কাছে একটি সুন্নি পরিবারে তার জন্ম।
অল্প বয়সে গভীরভাবে ধর্মের দিকে ঝুঁকে পড়েন। তিনি ইসলামিক স্টাডিজে স্নাতক ডিগ্রি লাভের পর কোরআনিক স্টাডিজে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
২০০৪ সালে ইরাক মার্কিন আক্রমণের শিকার হয়ে ক্যাম্প বুকাতে বন্দি হন তিনি। সেখানে তিনি প্রাক্তন ইরাকী গোয়েন্দা কর্মকর্তাসহ অন্য বন্দিদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। একই বছর ডিসেম্বরে তিনি মুক্তি পান।
লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (রুসি)-এর মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল স্টিভেন্স বলেন, ‘তিনি সাদ্দামের গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে এই সম্পর্কিত বিষয় কিভাবে পরিচালনা করতে হয়, তা খুব ভালোভাবে শিখেছেন।’
‘তার নিরাপত্তা ব্যবস্থা অসাধারণ,’ বলেন তিনি। ‘একইসঙ্গে তার অত্যধিক মাত্রায় মস্তিষ্ক বিকৃতিও এর কারণ।’
তাহলে কোথায় লুকিয়ে আছেন বাগদাদি? এমন প্রশ্নের জবাবে স্টিভেন্স বলেন, প্রায় নিশ্চিতভাবে ইরাক-সিরিয়া সীমান্তের কোথাও।
তিনি বলেন, সীমান্তজুড়ে প্রতিষ্ঠিত চোরাচালানের নেটওয়ার্কগুলোর সুবিধা বাগদাদি নিতে পারবেন, সেখানকার বিভিন্ন উপজাতি গোষ্ঠীর মাঝে টাকা-পয়সা বিলিয়ে তিনি পথ সুগম করতে পারবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.