বিশ্বকাপেও ভালো করবে বাংলাদেশ : মোসাদ্দেক হোসেন

বিশ্বকাপেও ভালো করবে বাংলাদেশ : মোসাদ্দেক হোসেন।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের যথাযথ প্রস্তুতি নিতেই মূলত আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়েছিল বাংলাদেশ। মূল লক্ষ্য ছিলো ক্রিকেটের বিশ্ব মঞ্চে নামার সেখানকার কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নেয়ার।

সে লক্ষ্য পূরণের পাশাপাশি, এ ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপাও জিতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট। শুক্রবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২২.৫ ওভারে ২১০ রান তাড়া করে অবিস্মরণীয় এক জয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ করেছে টাইগাররা।
ফাইনাল ম্যাচে জয়ের নায়ক ডানহাতি অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। শেষদিকে মাত্র ২০ বল ফিফটি করে গড়েছেন বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটির রেকর্ড। ফাবিয়ান অ্যালেনের এক ওভারে ২৫ রান তুলে নিশ্চিত করেছেন ৭ বল আগেই সহজ জয়। নিজে অপরাজিত ছিলেন ২৪ বলে ৫২ রান করে।

এমন দুর্দান্ত জয়ের পর জিতেছেন ম্যাচসেরার পুরষ্কারও। পরে সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘এটা অনেক ভালো লাগার ব্যাপার (ম্যাচ সেরা হওয়া)। আমরা প্রথম কাপ জিতলাম, সেটিও দেশের বাইরে। আমাদের জন্য অনেক বড় ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো, বিশ্বকাপের আগে অনেক আত্মবিশ্বাস আমরা পেয়েছি।’

মোসাদ্দেক বিশ্বাস করেন এ সিরিজ থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বিশ্বকাপেও ভালো করবে বাংলাদেশ। তাই তো তার কণ্ঠে উচ্চারিত হয়, ‘আমি মনে করি, আমাদের ব্যাটিং ও বোলিং ইউনিট যা আছে, এখানকার মতো খেলতে পারলে বিশ্বকাপেও ভালো কিছু করতে পারব। আমরা খুব ভালো আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাচ্ছি।’

এসময় বিশ্বকাপে নিজের ভূমিকা কী হবে তাও জানিয়ে দেন ২৩ বছর বয়সী এ তরুণ, ‘ইংল্যান্ডে উইকেট হয়তো এখানকার চেয়ে ব্যাটিংয়ের জন্য ভালো হবে। আমরা নিচের দিকে এভাবে খেলতে পারলে দলকে জেতাতে সাহায্য করবে। আমার ব্যক্তিগত লক্ষ্যও সেটিই যে সুযোগ পেলে এমন কিছু করব যা দলের কাজে লাগবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.