ডেল স্টেইনকে ছাড়াই শুরু করতে হচ্ছে প্রোটিয়াদের।
আইপিএলে চোট পেয়েছিলেন কাঁধে। বিশ্বকাপে খেলতে পারবেন কি না, তা নিয়েই ছিল সংশয়। পরে অবশ্য দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা মিলেছে ডেল স্টেইনের। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এ পেসারকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা
কাল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। জয় দিয়ে শুরু করতে চাইবে দুই দলই। ওয়ানডেতে সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে এবারের টপ ফেবারিট ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাও কম শক্তিশালী নয়। তবে ইংল্যান্ডের কাজটা একটু সহজ করে দিয়েছেন ডেল স্টেইন। কাঁধের চোটের জন্য ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটা খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার এ পেসারের।
আইপিএলে এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাত্র দুই ম্যাচ খেলেছেন ডেল স্টেইন। এতেই কাঁধে চোট পান ৩৫ বছর বয়সী এ পেসার। বিশ্বকাপ খেলার তাড়না থাকায় আইপিএল ফেলে দ্রুত উড়াল দিয়েছিলেন দেশে। কাঁধে চোটের চিকিৎসা করিয়েছেন দেশেই। কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে না ওঠাতেই প্রোটিয়াদের প্রথম ম্যাচে মাঠে থাকতে পারছেন না ডেল স্টেইন। কাল দলীয় অনুশীলনে ছিলেন তিনি। হাত ঘোরালেও পুরো সামর্থ্য দিয়ে বল করেননি। কিছুক্ষণ অনুশীলন করেই ছেড়েছেন মাঠ।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ডেল স্টেইনকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রোটিয়াদের হেড কোচ ওটিস গিবসন, ‘সে (ডেল স্টেইন) এখনো প্রস্তুত নয়। দ্রুতই সুস্থই হয়ে উঠবে, তবে সময়টা এখন না। আমরা মনে করি ৬ সপ্তাহের টুর্নামেন্টে এত তাড়াহুড়োর কিছু নেই।’
বিশ্বকাপে মিশনে ইংল্যান্ডে এসে এখনো বল করতে পারেননি ‘স্টেন গান’খ্যাত ডেল স্টেইন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১৫ সদস্যের দলে থাকলেও বল করতে পারেননি। দক্ষিণ আফ্রিকা আগে ব্যাটিংয়ে নামার পর বৃষ্টির কারণে পণ্ড হয় খেলা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দলে ছিলেন না স্টেইন। গত এপ্রিলের শেষ দিকে আইপিএল থেকে ফেরার পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচেও বল করেননি তিনি।
তবে স্টেইন দলে থাকাই মানেই প্রোটিয়াদের বাড়তি শক্তি পাওয়া। যদিও ইংল্যান্ডের বিপক্ষে পেসারদের অভাব বোধ করার কথা নয় প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসির । কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ছাড়াও ক্রিস মরিস, ডোয়াইন প্রিটোরিয়াস ও আন্দিলে ফিকোয়ার মতো পেসার আছেন। দলের পেস বিভাগের দায়িত্বটা তাঁদের ভালোই সামলানোর কথা।