চার্টার্ড বিমান ও হেলিকপ্টার সেবায় বাড়ছে খরচ।
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে হেলিকপ্টার ও চার্টার্ড বিমান সেবা মূল্যের ওপর ভ্যাটের পাশাপাশি সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে এ দুটি সেবা গ্রহণ করার ক্ষেত্রে খরচ বাড়বে। গতকাল জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, চার্টার্ড বিমান ও হেলিকপ্টার অতি উচ্চবিত্তের বাহন হিসেবে বিবেচিত। তাই এ খাতে সেবামূল্যের ওপর ভ্যাটের পাশাপাশি সম্পূরক শুল্ক ২০ থেকে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে নতুন অর্থবছরের বাজেটে।
এর আগে গত অর্থবছরের বাজেটে হেলিকপ্টার সেবার ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়। সে সময় বাজেট বক্তৃতায় তত্কালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, হেলিকপ্টার সেবা জনপ্রিয় হচ্ছে। উচ্চবিত্তের লোকজন এ সেবা গ্রহণ করে থাকে। ধীরে ধীরে এর প্রসার বাড়ছে। তাই হেলিকপ্টার সেবার ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করছি।
উল্লেখ্য, ১৯৯৯ সালে বেসরকারি উদ্যোগে প্রথম বাণিজ্যিক হেলিকপ্টার সেবা চালু করে সাউথ এশিয়ান এয়ারলাইনস। ২০০৮ সাল পর্যন্ত মাত্র দুটি বেসরকারি প্রতিষ্ঠান এ সেবা প্রদান করত। বর্তমানে বাণিজ্যিকভাবে আটটি কোম্পানি হেলিকপ্টার ব্যবসা করছে। এগুলো হচ্ছে: শিকদার গ্রুপের আরঅ্যান্ডআর এভিয়েশন, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইনস, বিআরবি এয়ার, মেঘনা এভিয়েশন, পারটেক্স অ্যারোটেকনোলজি, স্কয়ার এয়ার, বসুন্ধরা এয়ারওয়েজ ও সাউথ এশিয়ান। এর মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক হেলিকপ্টার রয়েছে শিকদার গ্রুপের। তাদের বিভিন্ন মডেলের সাতটি হেলিকপ্টার রয়েছে। এছাড়া লাইসেন্স পাওয়ার অপেক্ষায় আছে আরো বেশ কয়েকটি কোম্পানি। সাধারণত রাজনৈতিক কর্মকাণ্ড, বিত্তবানদের বরযাত্রা ও ভিআইপি যাত্রী বহনে হেলিকপ্টারের ব্যবহার বেশি হয়। এছাড়া জরুরি সভা, দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো, লিফলেট বিতরণ, রোগী বহন, শুটিং, মরদেহ বহনসহ বিভিন্ন কাজেও এখন হেলিকপ্টার
ব্যবহার হচ্ছে। যানজটের ঝামেলা এড়াতে এবং ঢাকার বাইরে সভায় যেতে অনেক ব্যবসায়ী এখন নিয়মিত হেলিকপ্টার ব্যবহার করছেন। গার্মেন্ট ব্যবসায়ীরা ঢাকার বাইরে গাজীপুর ও চট্টগ্রামে বিদেশী ক্রেতাদের নিয়ে কারখানা পরিদর্শনে হেলিকপ্টারের ওপর নির্ভর করছেন। প্রতিদিনই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল এভিয়েশন হ্যাঙ্গার থেকে যাত্রীরা হেলিকপ্টারে ওঠে এবং এখানেই অবতরণ করে।