গেইলকে ছাড়িয়ে বিশ্বকাপে মরগানের রেকর্ড।
ক্রিস গেইলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন ইয়ন মরগান। ইংল্যান্ডের এই অধিনায়ক মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ৭১ বলে ১৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন।
এই ইনিংস খেলার পথে হাঁকান চারটি চার ও ১৭টি দৃষ্টিনন্দন ছক্কা। যেটা শুধু বিশ্বকাপই নয়! আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের হাঁকানো সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৭ বলে ১০টি চার ও ১৬টি ছক্কায় ২১৫ রানের দানবীয় ইনিংস খেলেন ক্রিস গেইল। গেইলের সেই ১৬টি ছক্কার রেকর্ড ভেঙে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছেন ইয়ন মরগান।
এর আগে ২০১৩ সালে অস্টেলিয়ার বিপক্ষে ১৫৮ বলে ১২টি চার ও ১৬টি ছক্কায় ২০৯ রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।
২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়াস ৪৪ বলে ১৪৯ রানের ইনিংস খেলার পথে হাঁকিয়েছেন ১৬টি ছক্কা।
তবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ছক্কা হঁকানোর রেকর্ডটি ক্রিস গেইলের। ওয়েস্ট ইন্ডিজের এই তারকা ব্যাটসম্যান সর্বোচ্চ ৪০টি ছক্কা হাঁকিয়েছেন।
মঙ্গলবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে আফগানিস্তানের বিপক্ষে ৫৭ বলে বিশ্বকাপের চতুর্থ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক ইয়ন মরগান। তার সেঞ্চুরি এবং জনি বেয়ারস্টো-জে রুটের ঝড়ো ফিফটিতে বিশ্বকাপের ইতিহাসে ৩৯৭ রানের পাহড় গড়ে ইংল্যান্ড। তবে বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ ৪১৭ রানের ইনিংস খেলেছে অস্ট্রেলিয়া।
