সাকিব আল হাসানকে সামলাতে ‘গোপন অস্ত্র’ আনল অস্ট্রেলিয়া

সাকিব আল হাসানকে সামলাতে ‘গোপন অস্ত্র’ আনল অস্ট্রেলিয়া।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এখনও পর্যন্ত খেলা ৪ ম্যাচেই তার ব্যাট থেকে বেরিয়ে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। শেষের দুইটি আবার রূপ নিয়েছে সেঞ্চুরিতে। এ ৪ ইনিংসে ৩৮৪ রান করে এখনও পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি।

আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচে ব্যাটসম্যানের সাকিবের চেয়ে যেনো বোলার সাকিবের প্রতি বেশি মনোযোগ টিম অস্ট্রেলিয়ার। অবশ্য কম যাননি বোলার সাকিবও। এখনও পর্যন্ত ৪ ম্যাচে শিকার করেছেন ৫টি উইকেট।
তবে বিশ্বসেরা এ অলরাউন্ডারের বোলিং সামর্থ্য যে আরও বেশি, তা ভালোভাবেই জানা রয়েছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজম্যান্টের। তাই বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে সাকিবের বাঁহাতি স্পিন সামলানোর জন্য গোপন অস্ত্রের দ্বারস্থ হয়েছে দলটি।

তবে গোপন অস্ত্রটি অবশ্য সকলের পরিচিত কিন্তু নেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে। তিনি আর কেউ নন, অস্ট্রেলিয়ারই বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার। যিনি ‘এ’ দলের সফরে বর্তমানে ইংল্যান্ডেই অবস্থান করছেন।

সাকিব আল হাসানের বাঁহাতি স্পিন সামলানোর প্রস্তুতি নেয়ার জন্য, বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অ্যাগারকে নিজেদের প্রস্তুতি ক্যাম্পে ডেকে নিয়েছে অসিরা। যাতে করে বাঁহাতি স্পিন খেলে মানিয়ে নিতে পারেন ফিঞ্চ, ওয়ার্নার, স্মিথরা।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘সাকিব বর্তমানে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এবং একজন বাঁহাতি স্পিনার। অ্যাগার আসায় আমাদের প্রস্তুতিতে সাহায্য হবে। গত বছর এ সময় সে আমাদের ওয়ানডে দলেরই অংশ ছিলো। একজন বাঁহাতি স্পিনারের প্রয়োজনীয়তা অনুভব করায় তাকে ডেকে নেয়া হয়েছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.