যুক্তরাষ্ট্র শীর্ষ বর্জ্য উৎপাদনকারী দেশ

যুক্তরাষ্ট্র শীর্ষ বর্জ্য উৎপাদনকারী দেশ।

প্রতি বছর বিশ্বে ২০০ কোটি টনের বেশি কঠিন বর্জ্য (সলিড ওয়েস্ট) তৈরি হচ্ছে, যা দিয়ে আট লাখ অলিম্পিক সুইমিং পুল ভরাট করা যাবে। জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় দূষণকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক গড়ের তুলনায় আমেরিকানরা প্লাস্টিক, খাদ্য আবর্জনাসহ তিন গুণ বেশি আবর্জনা তৈরি করে।
রিসাইকেল করার ক্ষেত্রেও অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। তারা তাদের কঠিন আবর্জনার মাত্র ৩৫ শতাংশ রিসাইকেল করে। আবর্জনা রিসাইকেলের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি, যারা দেশটির মোট বর্জ্যের ৬৮ শতাংশ রিসাইকেল করে। বৈশ্বিক ঝুঁকি নিয়ে গবেষণাকারী ভেরিস্ক ম্যাপলক্রফট নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের পরিচালিত গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আবর্জনা উৎপাদন এবং তা রিসাইকেল করা—এ দুই সূচকের ভিত্তিতে তারা গবেষণাটি চালিয়েছে।
সবার জন্য উন্মুক্ত উপাত্ত ও একাডেমিক গবেষণা থেকে পাওয়া ফলাফলের ভিত্তিতে বৈশ্বিক আবর্জনা পরিস্থিতি তুলে ধরা হয়েছে। বিশ্ব যখন ভয়াবহ প্লাস্টিক দূষণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখন এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হলো।
আবর্জনা উৎপাদন সূচকে নগরপ্রতি কঠিন বর্জ্য উৎপাদন, প্লাস্টিক, খাদ্য ও অন্যান্য বিপজ্জনক বস্তু তৈরির বিষয়গুলো উঠে এসেছে প্রতিবেদনটিতে। প্রতি বছর বিশ্বে ২১০ বিলিয়ন টন বর্জ্য উৎপাদন হচ্ছে, যার মধ্যে মাত্র ১৬ শতাংশ রিসাইকেল হয়। অন্যদিকে ৪৬ শতাংশ কোনো ধরনের রিসাইকেল ছাড়াই প্রকৃতিতে ফেলা হচ্ছে।
বিশ্লেষণে আরো বলা হয়, চীন ও ভারত বিশ্বের ৩৬ শতাংশ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। তারা বিশ্বের মোট আবর্জনার ২৭ শতাংশের জন্য দায়ী। যুক্তরাষ্ট্রের প্রতি নাগরিক ৭৭৩ কেজি আবর্জনা তৈরি করে। যা চীন ও ইথিওপিয়ার প্রতি নাগরিকের সৃষ্ট আবর্জনার চেয়ে যথাক্রমে তিন গুণ ও সাত গুণ বেশি।
নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলোসহ ইউরোপের অন্য দেশগুলোও আবর্জনা তৈরিকারক দেশের তালিকায় রয়েছে। ঘরপ্রতি আবর্জনা তৈরির দিক থেকে যুক্তরাজ্যের অবস্থান ১৪তম। প্রতিটি ব্রিটিশ পরিবারে বছরপ্রতি ৪৮২ কেজি আবর্জনা তৈরি হয়।
এদিকে যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের এমন একটি দেশ, যাদের আবর্জনা তৈরির পরিমাণ রিসাইকেল করার ক্ষমতার চেয়ে বেশি। নায়াল স্মিথ নামে প্রতিবেদনের এক লেখক বলেন, ‘আবর্জনা রিসাইকেল করার সক্ষমতার চেয়ে আবর্জনা তৈরির পরিমাণ বেড়েছে। অন্যান্য উচ্চ আয়ের দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কর্মক্ষমতা খুবই দুর্বল।’
ভেরিস্ক ম্যাপলক্রফটের এনভায়রনমেন্টাল রিসার্চ প্রধান উইল নিকোলস বলেন, আপনারা দেখবেন, গবেষণার পর গবেষণায় উঠে এসেছে, কীভাবে যুক্তরাষ্ট্রের অবকাঠামোতে রিসাইকেলের সুযোগই রাখা হচ্ছে না। এখন যেহেতু চীনে আবর্জনা চালান করতে পারছে না, তাই যুক্তরাষ্ট্রের মাটিতেই সে আবর্জনাগুলো পোড়ানো হচ্ছে। এ সংকট মোকাবেলায় অবকাঠামো খাতে কোনো বিনিয়োগই রাখা নেই মার্কিন সরকারের।
চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় আবর্জনা রফতানি বাতিল হওয়ায় পরিস্থিতিই পাল্টে যাচ্ছে। ফিলিপাইন সরকারের সঙ্গেও উত্তর আমেরিকার তিক্ততা দেখা গেছে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটি কানাডার ৬৯টি আবর্জনা বহনকারী কনটেইনার ফেরত পাঠিয়েছে।
উইল নিকোলস বলেন, এশীয় দেশগুলো এখন আর বিশ্বের আবর্জনার ভাগাড় হতে চায় না। তারা এখন মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে, যারা চলমান মাত্রার দূষণে সন্তুষ্ট নয়। এছাড়া চীনও নীতিগতভাবে শক্ত অবস্থান নিতে যাচ্ছে।
প্রতিবেদনটিতে বিশেষ করে ব্যবসায় ক্ষেত্রে আগামীতে কঠোর পথের শঙ্কার কথা বলা হয়েছে। ভেরিস্ক ম্যাপলক্রফট আশা করছে, সরকার আবর্জনা ব্যবস্থাপনায় ভালো পদক্ষেপ নেবে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে যথাযথ বিনিয়োগ করবে।
সূত্র: বিবিসি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.