রিজেন্টে আসছে নতুন বোয়িং

Aviary Photo_131021578610636288বেসরকারি শীর্ষস্থানীয় বিমান সংস্থা রিজেন্ট এয়ারের বহরে যুক্ত হচ্ছে আধুনিক ৭৩৭-৮০০ সিরিজের বোয়িং বিমান। আজ ১১ মার্চ নতুন এই বিমান ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। বর্তমানে রিজেন্টের বহরে রয়েছে এর আগের সিরিজের দুটি ৭৩৭-৭০০ বিমান। নতুন বিমানটি বর্তমানে যাত্রী পরিবহনে নিয়োজিত বিমানের চেয়ে সুপরিসর ও আধুনিক। নতুন বিমান যুক্ত হওয়ার পর রিজেন্টের বহরে বিমানের সংখ্যা দাঁড়াবে পাঁচটি। এর মধ্যে তিনটি বোয়িং এবং দুটি ড্যাশ।
নতুন বিমান দিয়েই আগামী ৭ এপ্রিল ওমানের রাজধানী মাসকাট রুটে যাত্রী পরিবহন শুরু করছে রিজেন্ট। ঢাকা-চট্টগ্রাম-মাসকাট রুটে সপ্তাহে চার দিন ফ্লাইট চালাবে রিজেন্ট। একই সঙ্গে চীনের রাজধানী গুয়াংজুতেও সপ্তাহে চারটি ফ্লাইট চালু করা হবে, তবে সেটির দিন এখনো চূড়ান্ত হয়নি।
রিজেন্ট এয়ারের চিফ অপারেটিং অফিসার আশীস রায় চৌধুরী বলেন, ‘নতুন বিমানের সব ধরনের চেকআপ সম্পন্ন, এখন শুধু আসার অপেক্ষা। ১১ মার্চ আসা নিশ্চিত হয়েই আমরা নতুন বিমান দিয়ে মাসকাট রুট চালুর পরিকল্পনা চূড়ান্ত করেছি। এতে যাত্রীরা বাড়তি আরামদায়ক ভ্রমণ উপভোগ করবেন।’
জানা গেছে, নতুন ৭৩৭-৮০০ বিমানে যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য সিটগুলোকে বিশেষভাবে সাজানো হয়েছে। ১৮৩ আসনবিশিষ্ট এই বিমানে কোনো বিজনেস ক্লাস সিট রাখা হয়নি। বিজনেস ক্লাসের বদলে ১৫টি প্রিমিয়াম ইকোনমি ক্লাস সিট রাখা হয়েছে, যেখানে দুই সিটের মাঝখানের ব্যবধান থাকবে বেশি এবং আরামদায়ক। বিমানের বাকি ১৬৮টি হচ্ছে ইকোনমি সিট। এ বিষয়ে আশীস রায় চৌধুরী বলেন, ‘ব্রিটিশ এয়ারওয়েজ সর্বপ্রথম এ ধরনের সিট চালু করেছিল। সে ধারণা থেকেই আমরা এটি চালু করেছি।’ নতুন বিমান দিয়ে শিগগিরই চীনের গুয়াংজুতে সপ্তাহে চার দিন ফ্লাইট চালুর কথা জানিয়ে তিনি বলেন, ‘তবে তার আগ পর্যন্ত নতুন বিমানটি পর্যায়ক্রমে সিঙ্গাপুর ও ব্যাংকক রুটে বর্তমান বিমানের সঙ্গে সমন্বয় করে চলাচল করবে।’
জানা গেছে, বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম থেকে পৃথকভাবে মাসকাট রুটে যাত্রী পরিবহন করছে ওমান এয়ার। একই সঙ্গে বাংলাদেশ বিমানও ঢাকা থেকে মাসকাটে যাত্রী পরিবহন করছে। এ দুই দেশের দুই রাষ্ট্রীয় বিমান সংস্থার তুলনায় রিজেন্ট এয়ার কিভাবে প্রতিযোগিতা করবে জানতে চাইলে আশীস রায় চৌধুরী বলেন, ‘ঢাকার সঙ্গে চট্টগ্রামকে সংযোগ করে আমরা একসঙ্গে ফ্লাইট পরিচালনা করব। আর ভাড়াও অন্যদের চেয়ে অবশ্যই প্রতিযোগিতামূলক হবে।’ উদাহরণ দিয়ে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক একাধিক রুটে বিশ্বমানের বিমান ও এয়ারলাইনস থাকলেও রিজেন্ট এয়ার সেগুলোর সঙ্গে ভালোভাবে প্রতিযোগিতা করে সফল হয়েছে।
রিজেন্ট এয়ার সূত্রে জানা গেছে, রিজেন্ট এয়ার ব্যাংকক রুটে সপ্তাহে চার দিন, সিঙ্গাপুর রুটে প্রতিদিন, চট্টগ্রাম-কলকাতা রুটে প্রতিদিন এবং ঢাকা-কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। সবগুলো রুটেই বোয়িং ৭৩৭-৭০০ বিমানে যাত্রী পরিবহন করছে রিজেন্ট এয়ার।

সূত্রঃকালেরকন্ঠ

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.