দারুণ সেঞ্চুরিতে ডেভিড ওয়ার্নারের ফেরা

দারুণ সেঞ্চুরিতে ডেভিড ওয়ার্নারের ফেরা।

অ্যাশেজ সিরিজটা তার জন্য কেটেছে দুঃস্বপ্নের মতো। ডেভিড ওয়ার্নার অবশেষে দুঃসময়ের বেড়াজাল ছিঁড়ে বের হলেন। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শেফিল্ড শিল্ডের প্রথম ম্যাচেই করলেন দারুণ এক সেঞ্চুরি।

গত অ্যাশেজে ১০ ইনিংসে ওয়ার্নার করেছিলেন মাত্র ৯৫ রান। সাতবার আউট হয়েছিলেন স্টুয়ার্ট ব্রডের বলে। এবার এক ইনিংসেই করলেন ১২৫ রান। প্রায় দুই বছর পর লাল বলে সেঞ্চুরির দেখা পেলেন।

গ্যাবায় নিউ সাউথ ওয়েলসের হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছেন ওয়ার্নার। গ্যাবার উইকেট যদিও ব্যাটিংয়ের জন্য মোটেও সহজ ছিল না। প্রথম দিন পড়েছিল ১৩ উইকেট। এর মধ্যে গত অ্যাশেজে রানের বন্যা বইয়ে দেওয়া স্টিভেন স্মিথ ফেরেন শূন্য রানে।

প্রথম দিনের ২৭ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছিলেন ওয়ার্নার। দিনের শুরুতে নিক লারকিনের বিদায়ে নিউ সাউথ ওয়েলসের স্কোর হয়ে গিয়েছিল ৪ উইকেটে ৫৪। এরপরই পঞ্চম উইকেটে নিকোলাস ব্রেটাসের সঙ্গে ১৪৭ রানের জুটি গড়ার পথে সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার।

সেঞ্চুরির পরই তার ‘ট্রেডমার্ক’ উদযাপন। এক হাতে ব্যাট, আরেক হাতে হেলমেট নিয়ে দুহাত উঁচিয়ে অভিনন্দনের জবাব। সঙ্গে চিরচেনা সেই লাফ। মারনাস লাবুশেনের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ২২১ বলে ১৯ চারে ১২৫ রানের ইনিংসটি সাজান বাঁহাতি ব্যাটসম্যান।

প্রথম শ্রেণির ক্রিকেটে এটি ওয়ার্নারের ২৯তম সেঞ্চুরি। ২০১৭ সালের বক্সি ডে টেস্ট ও ১৯ ইনিংস পর লাল বলে তিন অঙ্ক ছুঁলেন ৩২ বছর বয়সি ব্যাটসম্যান।

বল টেম্পারিং কেলেঙ্কারির নিষেধাজ্ঞা কাটিয়ে গত অ্যাশেজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন ওয়ার্নার। কিন্তু অ্যাশেজ কাটে ভীষণ বাজে। কদিন আগে জাতীয় নির্বাচক ট্রেভর হনস তো এও জানিয়ে দেন, টেস্টে ওয়ার্নারের জায়গা এখন আর পাকা নয়।

এবার সেঞ্চুরি করে বার্তা দিলেন ওয়ার্নারও। জানিয়ে দিলেন, দেশের মাটিতে তিনি কতটা ভয়ংকর। আগামী মাসে ব্রিসবেনের গ্যাবাতেই শুরু হবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.