মার্কিন দুই নেতা হংকংয়ে আটকা

মার্কিন দুই নেতা হংকংয়ে আটকা।

আমেরিকান চেম্বার অব কমার্সের চেয়ারম্যান এবং প্রেসিডেন্টকে হংকংয়ে আটকে রেখেছে স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের এই দুই ব্যবসায়ী নেতা হংকং থেকে চীন নিয়ন্ত্রণাধীন বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাউতে যেতে চাইলে তাদেরকে হংকংয়ের অভিবাসন কর্মকর্তারা আটকে দেয়।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল শনিবার আমেরিকান চেম্বার অব কমার্সের চেয়ারম্যান রবার্ট গ্রিভস এবং প্রেসিডেন্ট টারা জোসেফ বার্ষিক এক সভায় যোগ দিতে ম্যাকাউ যেতে চাইলে কর্তৃপক্ষ তাদের বাধা দেয়। কিন্তু যুক্তরাষ্ট্রের ওই দুই ব্যবসায়ী নেতা বলছেন, কর্তৃপক্ষ কোনো কারণ দেখাতে পারেনি তাদের।

চেম্বার অব কমার্সের চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা আশা করি যে এটা সাম্প্রতিক কিছু ঘটনার কেবলমাত্র একটা মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া। অবশ্যই আন্তর্জাতিক ব্যবসায়িক কার্যক্রমকে গঠনমূলকভাবে সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দিতে হবে।’

দুজনের স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হচ্ছে, তারা স্বেচ্ছায় ম্যাকাউয়ে যাওয়ার আর কোনো চেষ্টা করবেন না। মার্কিন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জোসেফ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমার কোনো ধারণাই ছিল না। আমি অনেকটা বিস্মিত হয়েছি।’ তবে কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো অভদ্র আচরণ করেনি বলেও জানিয়েছেন তিনি।

ম্যাকাউ অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বিষয়টি নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি নয় বলে জানিয়েছে। তবে সম্প্রতি হংকং ও উইঘুর নিয়ে মার্কিন কংগ্রেসের দুটি বিল পাসের সঙ্গে এর সম্পর্ক আছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। যে দুটি বিলের মধ্যে হংকং সক্রান্ত বিলটি ইতোমধ্যে আইনে পরিণত হয়েছে।

হংকংয়ের বিক্ষোভকারীদের সমর্থনের বিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলে বেইজিং তীব্র ক্ষোভ জানিয়ে এর বদলা নেয়ারও হুমকি দিয়েছিলো। এছাড়া চীনে বসবাসরত উইঘুর মুসলিমদের বিরুদ্ধে নির্যাতন বন্ধে সম্প্রতি মার্কিন কংগ্রেসে একটি বিল পাস হয়েছে। ট্রাম্পের অনুমোদন পেলে সেটিও আইনে পরিণত হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.