আইপিএলের নিলামে উঠবেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার

আইপিএলের নিলামে উঠবেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার।

আগেই জানা গিয়েছিল, ২০২০ আইপিএলের নিলামে উঠতে যাচ্ছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ থেকে নিলামের চূড়ান্ত তালিকায় আছেন আরও চারজন ক্রিকেটার।

নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া ক্রিকেটারদের নাম শুক্রবার প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে মুশফিকের সঙ্গে আছেন মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আগামী বছরের আইপিএলে খেলতে প্রাথমিকভাবে নাম নিবন্ধন করেছিলেন ৯৭১ জন ক্রিকেটার। সেখান থেকে নিজেদের পছন্দের ক্রিকেটারদের একটি সংক্ষিপ্ত তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলো দেয় আইপিএল কর্তৃপক্ষকে। সেখান থেকেই চূড়ান্ত হয়েছে নিলামের তালিকা।

নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৩২ জন ক্রিকেটার। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে ২৪ জন ক্রিকেটারকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়। যারা আগে নাম নিবন্ধন করেনি। এই ২৪ জনের তিনজন মুশফিক, সাব্বির ও সাইফউদ্দিন।

বাংলাদেশ থেকে নাম নিবন্ধন করেছিলেন মুস্তাফিজ, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। এর মধ্যে শুধু মুস্তাফিজ ও মাহমুদউল্লাহ চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন সাতজন ক্রিকেটার- গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, ক্রিস লিন, মিচেল মার্শ, ডেল স্টেইন ও অ্যাঞ্জেলো ম্যাথুস। যাদের সবার ভিত্তিমূল্য ২ কোটি রূপি। ভারতীয়দের মধ্যে দেড় কোটি রূপির সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন শুধু রবিন উথাপ্পা।

সব মিলিয়ে ১৮৬ জন ভারতীয় ও ১৪৬ জন বিদেশি ক্রিকেটার আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় হতে যাওয়া নিলামে উঠতে যাচ্ছেন। নিলাম থেকে আট ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে সর্বোচ্চ ৭৩ জন ক্রিকেটারকে। তাদের মধ্যে বিদেশি সর্বোচ্চ ২৯ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.