‘আমি তো অবিক্রিতই থাকি’

‘আমি তো অবিক্রিতই থাকি’

বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে শুরুতে মাশরাফি বিন মুর্তজাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কেউই!

সাত দলের কেউই নিজেদের প্রথম ডাকে দলে নেয়নি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে। অথচ ‘এ’-প্লাস ক্যাটাগরিতে ছিলেন মাশরাফি। শুধু প্রথম রাউন্ডেই নয়, মাশরাফি সাত রাউন্ড ছিলেন অবিক্রিত। অষ্টম রাউন্ডে মাশরাফিকে দলে নেয় ঢাকা প্লাটুন। হাঁপ ছেড়ে বাঁচেন মাশরাফি-ভক্তরা।

অবশ্য দীর্ঘ ক্যারিয়ার অমন পরিস্থিতি মাশরাফি আগেও দেখেছেন। একবার ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে তার প্রতি আগ্রহ ছিল না কোনো ক্লাবের। বড় বড় সবগুলো ক্লাব তার থেকে মুখ ফিরিয়ে নেয়। শেষ পর্যায়ে তাকে দলে নেয় কলাবাগান ক্রীড়াচক্র। ওই আসরে কলাবাগান ক্রীড়াচক্র ভালো করতে পারেনি। কিন্তু মাশরাফি ছিলেন দুর্দান্ত। বোলিংয়ে নিজের জাত ঠিকই চিনিয়েছিলেন।

এবারের বিপিএলে শুরুতে মাশরাফিকে দলে নেয়নি ঢাকা। পরে তাকে দলে নিয়ে তার কাঁধেই দিয়েছে অধিনায়কের দায়িত্ব।

বিপিএলে মাশরাফির অতীত রেকর্ড ঈর্ষণীয়। বিপিএলের আগের ছয় আসরের চারটি শিরোপাই উঠেছে তার হাতে। এবারও তেমন কিছুর আশা দেখছে ঢাকা। সেভাবেই এগিয়ে যাচ্ছে দল। কিন্তু মাশরাফি মনের ক্ষোভ প্রকাশ করেছেন আজ। সাফ জানালেন, তার প্রতি আশা থাকলে অনেক আগেই ড্রাফটে বিক্রি হয়ে যেতেন।

‘সবার কাছেই সমান আশা ফ্র্যাঞ্চাইজির। আমি তো প্রায় অবিক্রিতই থাকি (হাসি)। আমার কাছে আশা করেই বা কী! আশা করলে তো সবার আগেই বিক্রি হয়ে যাওয়ার কথা আমার। আসলে এটা ঠিক কি না, মালিকরাই বলতে পারবে। আসলে সব দলই সমান প্রত্যাশা নিয়ে খেলে। আমরাও এই প্রত্যাশা নিয়ে খেলছি। শেষ পর্যন্ত টিকে থাকতে যা দরকার সেটা করব। পয়েন্ট টেবিলে চারে আছি। দৌড়ে টিকে থাকতে সর্বোচ্চ চেষ্টাই করব’- বলেছেন মাশরাফি।

বিপিএলে তার দল সাত ম্যাচের মধ্যে জিতেছে চারটিতে, হেরেছে তিনটি। প্লে-অফে যেতে হলে শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেতে হবে। সেই চ্যালেঞ্জ নিয়ে বিপিএলের পরবর্তী ম্যাচগুলোতে খেলবে মাশরাফির ঢাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.