‘টেস্ট ক্রিকেটকে এভাবে শেষ করে দেবেন না’
টেস্ট ক্রিকেট ঢেলে সাজাতে চারদিনের ম্যাচ করার কথা ভাবছে আইসিসি। ২০২৩ সাল থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর। সেই থেকে নতুন ফরম্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চায় ক্রিকেটের এই সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা।
সেই লক্ষে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সঙ্গে শিগগির বৈঠক করবে আইসিসি। তবে চারদিনের এই টেস্ট পরিকল্পনার বিরুদ্ধে সোচ্চার সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা। টেস্ট চারদিনের হলে ক্রিকেটের মৃত্যু হবে বলে মত তাদের।
পাকিস্তানের স্পিডস্টার শোয়ের আখতার আইসিসির চারদিনের টেস্ট খেলার বিরোধিতা করে বলেছেন, এই ভাবনাটা বোকা বোকা। আশা করি, কোনো দেশ এ ফরম্যাটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে চাইবে না। টেস্ট ক্রিকেটকে এভাবে মেরে ফেলা উচিত হবে না।
চার দিনের টেস্ট আটকাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির হস্তক্ষেপ কামনা করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। বলেছেন, বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট বোর্ড) সম্মতি ছাড়া আইসিসির পক্ষে চারদিনের টেস্ট দলগুলোর ওপর চাপিয়ে দেয়া সহজ হবে না। মহারাজ (বিসিসিআই প্রধান সৌরভ) বুদ্ধিমান লোক। ভারতের অধিনায়ক ছিলেন। এখন দেশটির সর্বোচ্চ স্তরের ক্রিকেট প্রশাসক। উনি অন্তত টেস্ট ক্রিকেটকে এভাবে শেষ হয়ে যেতে দেবেন না।
এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশ ভারত, শ্রীলংকা ও পাকিস্তানকে একজোট হয়ে চারদিনের টেস্টের ভাবনার বিরোধিতা করা উচিত বলে নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন শোয়েব। বলেন, এ তিন দেশের কিংবদন্তিরা চারদিনের টেস্ট নিয়ে তাদের মতামত জানান।তা হলেই পুরো বিষয়টি ফুটে উঠবে।
এর আগে বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, গ্লেন ম্যাকগ্রাসহ কিংবদন্তীরা চারদিনের টেস্টের বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন। টেস্টের সনাতন পাঁচদিনের খেলা নিয়ে অযথা পরীক্ষা-নিরীক্ষা করার ঠিক হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা।
ভারতের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, ইতিমধ্যে গোলাপি বলে দিনরাতের ম্যাচ দিয়ে টেস্টে পরিবর্তন এসেছে। এরপর অতিরিক্ত বদলের প্রয়োজন নেই। আজ চারদিনের টেস্টের চাহিদার কথা বলে হচ্ছে। আগামী দিনে তিনদিনের টেস্টের কথা বলা হতে পারে। এ সংস্করণ নিয়ে এতটা পরীক্ষা নিরীক্ষা অর্থহীন।
সৌরভকে চারদিনের টেস্ট নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে পুরো বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে এখনও কোনো আলোচনা না হওয়ায় কথা জানান তিনি। সৌরভ বলেন, আইসিসি আগে তাদের প্রস্তাব দিক। বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা ৪ দিনের টেস্ট নিয়ে কী ভাবছে, সেই ছবিটাই এখনও পরিষ্কার নয়।
সূত্র: মাইখেল।